Photo Collected
খেলাধুলাভিত্তিক বেটিং অ্যাপ ‘নভিগ’-এর একটি বিজ্ঞাপনে নগ্ন অবস্থায় অংশ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও ‘ইউফোরিয়া’ তারকা সিডনি সুইনি। গত বুধবার ইনস্টাগ্রামে বিজ্ঞাপনটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক বিতর্ক। এরই মধ্যে মাত্র দুই দিনে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে দুই লাখের বেশি অনুসারী কমে গেছে বলে জানিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সোশ্যাল ব্লেড।
প্রায় এক মিনিটের ওই বিজ্ঞাপনে সিডনি সুইনিকে নগ্ন অবস্থায় দেখা যায়। শরীরের বিভিন্ন সংবেদনশীল অংশ ঢাকতে সেখানে ফুটবল, বাস্কেটবল, সকার বল ও হকি নেট ব্যবহার করা হয়েছে। বিজ্ঞাপনটি প্রকাশের পর প্রথম তিন দিন অবশ্য তাঁর অনুসারী কমেনি। বরং ওই সময়ে প্রায় ৫০ হাজার নতুন অনুসারী যুক্ত হয়।
তবে পরবর্তী সময়ে চিত্র বদলে যায়। সোশ্যাল ব্লেডের তথ্য অনুযায়ী, গত রোববার সিডনি সুইনির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ১ লাখ ৩৬ হাজার ৮৪৮ জন অনুসারী তাঁকে আনফলো করেন। পরদিন আরও প্রায় ৬৮ হাজার অনুসারী অ্যাকাউন্টটি থেকে সরে যান। সব মিলিয়ে দুই দিনে দুই লাখের বেশি অনুসারী হারান অভিনেত্রী।
তবে সিডনি সুইনির মোট ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা আড়াই কোটির বেশি হওয়ায় এই হারানো অনুসারীর সংখ্যা তাঁর মোট অনুসারীর এক শতাংশেরও কম। ফলে অনুসারী কমলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সামগ্রিক জনপ্রিয়তায় এর প্রভাব কতটা পড়েছে, তা আলাদাভাবে মূল্যায়নের বিষয়।
‘নভিগ’-এর সঙ্গে সিডনি সুইনির সম্পর্ক শুধু বিজ্ঞাপনী চুক্তির মধ্যেই সীমাবদ্ধ নয়। তিনি প্রতিষ্ঠানটির কৌশলগত অংশীদার এবং মালিকানারও অংশীদার বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপনটি প্রকাশের পর নারী ক্রীড়াবিদদের একটি অংশও এর সমালোচনা করেন। তাঁদের অভিযোগ, খেলাধুলার প্রচারণায় নারীর শরীরকে যৌন আবেদন তৈরির উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে।
অস্ট্রেলিয়ার চারবারের অলিম্পিক সোনাজয়ী সাঁতারু আরিয়ার্ন টিটমাসও বিজ্ঞাপনটির সমালোচনা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি নারীর শরীরকে পণ্য হিসেবে উপস্থাপন এবং খেলাধুলাকে যৌন আবেদন তৈরির মাধ্যম হিসেবে ব্যবহারের প্রবণতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
সমালোচনার মুখে সিডনি সুইনি এক বিবৃতিতে তাঁর অবস্থান ব্যাখ্যা করেন। তিনি জানান, পুরো প্রচারণাটি মজার ছলে তৈরি একটি ধারণা ছিল। এর মূল উদ্দেশ্য ছিল নানা ধরনের কোলাহল ও বিভ্রান্তি সরিয়ে মানুষের মনোযোগ কেবল খেলাধুলার দিকে ফেরানো।
তবে সমালোচনার জবাব শুধু বিবৃতিতে সীমাবদ্ধ রাখেননি এই অভিনেত্রী। ইনস্টাগ্রামে তিনি নভিগের বিজ্ঞাপনের ছবি আবারও পোস্ট করেন। পাশাপাশি অতীতে ক্রীড়াবিদদের নগ্ন বা স্বল্প পোশাকে প্রকাশ করা ইএসপিএনের বহুল আলোচিত ‘বডি ইস্যু’-এর কয়েকটি প্রচ্ছদ নিজের স্টোরিতে শেয়ার করেন।
এর আগে বিজ্ঞাপন ঘিরে আলোচনায় আসার অভিজ্ঞতাও রয়েছে সিডনি সুইনির। গত বছর আমেরিকান ইগলের জিনসের বিজ্ঞাপন এবং চলতি বছর নিজের অন্তর্বাসের ব্র্যান্ড ‘সির্নে’র প্রচারণাতেও আবেদনময় ছবি ও ভিডিও প্রকাশ করে আলোচনায় এসেছিলেন তিনি।
‘ইউফোরিয়া’ সিরিজের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া সিডনি সুইনি বর্তমানে হলিউডের আলোচিত তরুণ অভিনেত্রীদের একজন। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন ও ব্যবসায়িক উদ্যোগেও তাঁর সক্রিয় উপস্থিতি রয়েছে। নভিগের সাম্প্রতিক প্রচারণাকে ঘিরে বিতর্ক সেই উপস্থিতিকে আবারও সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।