collected
চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও নিয়োগপত্র না পাওয়ায় জামালপুরে ৫১ সহকারী শিক্ষক প্রার্থী অনশনে বসেছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের বারান্দায় অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি শুরু করেন। নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
অনশনকারীরা জানান, জামালপুর জেলায় সহকারী শিক্ষক পদে মোট ১৩৬ জন প্রার্থী চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন। এর মধ্যে প্রথম ধাপে ৮৪ জন এবং দ্বিতীয় ধাপে একজনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। তবে একই নিয়োগ প্রক্রিয়ার অংশ হওয়া সত্ত্বেও ৫১ জনকে এখনো নিয়োগপত্র দেওয়া হয়নি বলে দাবি তাদের।
প্রার্থীদের অভিযোগ, দেশের বিভিন্ন জেলায় সুপারিশপ্রাপ্তদের নিয়োগ কার্যক্রম শেষ হলেও জামালপুরের ৫১ জনের নিয়োগ প্রক্রিয়া আটকে রাখা হয়েছে। এ বিষয়ে সমাধানের দাবিতে তারা এর আগে টানা চার দিন ঢাকায় আন্দোলন করেছেন। পরে অসুস্থ শরীর নিয়েই জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সামনে অনশনে বসেছেন বলে জানান তারা।
প্রার্থী তানভীর রহমান বলেন, নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন। প্রয়োজনে রাতেও সেখানে অবস্থান করবেন। আরেক প্রার্থী মীর আফিফা সুলতানা বলেন, কেন তাদের অপেক্ষমাণ রাখা হয়েছে, তা এখনো তারা জানতে পারেননি। দ্রুত নিয়োগপত্র দেওয়ার দাবি জানান তিনি।
এ বিষয়ে জামালপুরের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী এহসান জানান, অপেক্ষমাণ ৫১ জন প্রার্থীর নথিপত্র নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে কাজ চলছে। বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।