ছবি: সংগৃহীত
অক্টোবরে পূজা উপলক্ষে মুক্তির কথা ছিল নির্মাতা রায়হান রাফীর ‘আন্ধার’ সিনেমার। সে অনুযায়ী পোস্টার প্রকাশের পর গত ৩ সেপ্টেম্বর প্রকাশ করা হয় ১ মিনিট ২৬ সেকেন্ডের টিজার। তবে সিনেমাটি সেপ্টেম্বরে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়ার কথা থাকলেও মাস শেষ হতে চললেও এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
একই সঙ্গে অক্টোবরে মুক্তির বিষয়েও এখন নিশ্চিত করে কিছু বলতে পারছেন না পরিচালক, প্রযোজক কিংবা অভিনয়শিল্পীদের কেউ। চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ ও গ্রুপে সিনেমাটি অক্টোবরে মুক্তি পাচ্ছে না—এমন আলোচনা থাকলেও এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
সিনেমাটির গল্প ও অন্যতম প্রযোজক শাকিব চৌধুরী বলেন, ‘সিনেমার সব ঘোষণা আনুষ্ঠানিকভাবে এসেছে। এটিও আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’ তবে ‘আন্ধার’ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে কি না, জানতে চাইলে তিনি এ বিষয়ে মন্তব্য করেননি।
অক্টোবরে মুক্তির পরিকল্পনা সামনে রেখে এরই মধ্যে সিনেমাটির প্রচারণাও শুরু হয়েছিল। নির্মাতা রায়হান রাফী সামাজিক মাধ্যমে সিনেমাটির বিভিন্ন দৃশ্য প্রকাশ করছিলেন। গত ৩ সেপ্টেম্বর প্রকাশিত টিজারে দেখা গেছে আফসানা মিমি, গাজী রাকায়েত, চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, সিয়াম আহমেদ ও মোস্তফা মন্ওয়ারসহ প্রধান অভিনয়শিল্পীদের। টিজারে সিয়ামের বেশ কিছু অ্যাকশন দৃশ্যও রয়েছে।
হরর ঘরানার সিনেমা হওয়ায় শুরু থেকেই ‘আন্ধার’ নিয়ে দর্শকদের আগ্রহ রয়েছে। সিনেমাটির গল্প লিখেছেন ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরী ও অর্থহীনের সাইদুস সালেহীন সুমন। গল্পের সঙ্গে যুক্ত আছেন আদনান আদিব খানও। দেশের বিভিন্ন অঞ্চলের ভৌতিক লোককাহিনি ও অতিপ্রাকৃত ঘটনা থেকে সিনেমাটির গল্পের ভাবনা এসেছে বলে জানা গেছে।
পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ‘আন্ধার’ বাংলাদেশের বড় বাজেটের হরর সিনেমাগুলোর একটি। এতে উল্লেখযোগ্য পরিমাণ ভিএফএক্স ও গ্রাফিকস অ্যানিমেশনের কাজ রয়েছে। কয়েক মাস ধরে মুম্বাইয়ের একটি স্টুডিওতে এসব কাজ করা হয়েছে। সিনেমাটির বেশির ভাগ শুটিং হয়েছে গাজীপুর ও ময়মনসিংহে।
তবে ঘোষিত অক্টোবরেই ‘আন্ধার’ মুক্তি পাবে কি না, সেই উত্তর এখনো মেলেনি। সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন দর্শকেরা।