অক্টোবরে নয়, স্বাধীনতা দিবসে মুক্তি পাবে রায়হান রাফীর ‘আন্ধার’

Pinky Saha Pinky Saha ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৪:১৭ PM BST ২৭ বার পঠিত
অক্টোবরে নয়, স্বাধীনতা দিবসে মুক্তি পাবে রায়হান রাফীর ‘আন্ধার’

ছবি: সংগৃহীত

অক্টোবরে মুক্তির ঘোষণা থাকলেও নির্ধারিত সময়ে প্রেক্ষাগৃহে আসছে না রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘আন্ধার’। পোস্ট প্রডাকশনের কাজ ও সম্পাদনাজনিত কারণে সিনেমাটির মুক্তি পিছিয়ে দিয়েছেন নির্মাতা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছর ২৬ মার্চ স্বাধীনতা দিবসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত এক ভিডিও বার্তায় ‘আন্ধার’-এর নতুন মুক্তির তারিখ জানানো হয়। এর আগে টিজার প্রকাশ করে চলতি বছরের অক্টোবরে সিনেমাটি মুক্তির কথা জানিয়েছিলেন নির্মাতা। তবে পোস্ট প্রডাকশনের কাজ পুরোপুরি শেষ না হওয়ায় নির্ধারিত সময়ে মুক্তি নিয়ে শুরু থেকেই অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

মুক্তি পিছিয়ে দেওয়ার কারণ ব্যাখ্যা করে রায়হান রাফী জানিয়েছেন, চাইলে আগামী ১৬ অক্টোবর সিনেমাটি প্রেক্ষাগৃহে আনা সম্ভব। তবে তাড়াহুড়ো করে মুক্তি দিলে সিনেমাটির ভিএফএক্সের মানের সঙ্গে আপস করতে হতে পারে। আর সিনেমার ভিজ্যুয়াল মানের ক্ষেত্রে কোনো ছাড় দিতে চান না তিনি।

নির্মাতার ভাষ্য, অক্টোবরে মুক্তি দেওয়ার সুযোগ থাকলেও ভিএফএক্সের মান ঠিক রাখতে তিনি সময় নিতে চান। তাই অক্টোবর কিংবা ডিসেম্বরের পরিবর্তে ঈদের কোনো সময় না বেছে আগামী ২৬ মার্চ ‘আন্ধার’ মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২২১বি ফিল্মসের প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি। নতুন মুক্তির তারিখ অনুযায়ী, আগামী বছরের স্বাধীনতা দিবসেই দর্শকের সামনে আসবে রায়হান রাফীর এই সিনেমা।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: