ছবি: সংগৃহীত
অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে অভিনেতা-অভিনেত্রীদের অস্বস্তি নতুন কিছু নয়। তবে সময়ের সঙ্গে বদলেছে শুটিংয়ের পরিবেশ। বিশেষ করে ঘনিষ্ঠ দৃশ্যের ক্ষেত্রে ইন্টিমেসি ডিরেক্টর যুক্ত হওয়ায় কাজটি অনেক সহজ হয়েছে বলে জানিয়েছেন বলিউড নির্মাতা বিশাল ভরদ্বাজ।
সম্প্রতি ‘লাস্ট স্টোরিজ ৩’-এ নিজের অংশ নিয়ে কথা বলার সময় পুরোনো অভিজ্ঞতার কথা জানান বিশাল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আগে এমন দৃশ্যের শুটিংয়ের আগে নির্মাতা ও অভিনয়শিল্পীদের নিজেদের মধ্যেই নানা খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করতে হতো। এতে অনেক সময় পরিস্থিতি আরও বিব্রতকর হয়ে উঠত।
বিশালের মতে, বর্তমানে ইন্টিমেসি ডিরেক্টররা সেটে অন্তরঙ্গ দৃশ্যের পরিকল্পনা ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ফলে অভিনেতাদের নিজেদের মধ্যে অস্বস্তিকর আলোচনা করার প্রয়োজন কমেছে। তাঁর ভাষায়, এই পেশাজীবীরা ‘সেটে জীবনকে অনেক স্বস্তিদায়ক করে তুলেছেন’।
‘লাস্ট স্টোরিজ ৩’-এ বিশালের অংশে অভিনয় করেছেন অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থ। বাস্তব জীবনেও তাঁরা দম্পতি। ফলে একসঙ্গে কাজ করার সময় তাঁদের মধ্যে স্বচ্ছন্দ সম্পর্ক থাকায় অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে অস্বস্তি অনেকটাই কম ছিল বলে জানান নির্মাতা।
শুটিংয়ের একটি মজার ঘটনাও শেয়ার করেন বিশাল। একটি দৃশ্যে অদিতির পায়ের দিকে ক্যামেরা রাখা হয়েছিল এবং সিদ্ধার্থকে হামাগুড়ি দিয়ে এগোতে হচ্ছিল। দুজনের জন্যই বডি ডাবল রাখা হয়েছিল। তবে দৃশ্যটি দেখে অদিতি নিজেই সেটি করার সিদ্ধান্ত নেন। পরে সিদ্ধার্থও নিজের অংশে অভিনয় করেন।
‘লাস্ট স্টোরিজ ৩’ নেটফ্লিক্সের জনপ্রিয় অ্যানথোলজি সিরিজের তৃতীয় কিস্তি। চারটি আলাদা গল্প নিয়ে নির্মিত সিনেমাটির অংশ পরিচালনা করেছেন বিক্রমাদিত্য মোতওয়ানে, কিরণ রাও, শকুন বাত্রা ও বিশাল ভরদ্বাজ। এতে আরও অভিনয় করেছেন রাধিকা আপ্তে, কঙ্কণা সেন শর্মা, বিজয় ভার্মা, আলী ফজল ও রাধিকা মদন।