অন্তরঙ্গ দৃশ্যে রাজি না হওয়ায় ছবি হারান নীহারিকা এনএম

Pinky Saha Pinky Saha ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ AM BST ২৫ বার পঠিত
অন্তরঙ্গ দৃশ্যে রাজি না হওয়ায় ছবি হারান নীহারিকা এনএম

ছবি: সংগৃহীত

ডিজিটাল কনটেন্ট নির্মাতা হিসেবে পরিচিতি পাওয়ার পর এবার বলিউডে অভিষেক হয়েছে নীহারিকা এনএমের। রাঘব জুয়ালের বিপরীতে অভিনয় করা তাঁর প্রথম হিন্দি সিনেমা ‘ভাই তেরা স্টার হ্যায়’ মুক্তি পেয়েছে। ছবিটি মুক্তির আগে অভিনয়জীবনের শুরুর দিকের এক তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন এই অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে নীহারিকা জানান, ক্যারিয়ারের শুরুতে নানা কারণে তাঁকে প্রত্যাখ্যাত হতে হয়েছে। এর মধ্যে একটি ঘটনা এখনো তাঁর মনে দাগ কেটে আছে। খ্যাতনামা এক পরিচালক তাঁকে একটি ছবির জন্য নির্বাচন করেছিলেন। অডিশন ও লুক টেস্টের পর তাঁর বাড়িতে চুক্তিপত্রও পাঠানো হয় এবং তিনি তাতে স্বাক্ষর করেন।

তবে চুক্তিতে একটি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের শর্ত ছিল। নীহারিকা শুরুতেই নির্মাতাদের জানিয়ে দিয়েছিলেন, এ ধরনের দৃশ্যে অভিনয় করতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন না। তাঁর অস্বস্তির কথা বিবেচনা করে নির্মাতারা বডি ডাবল ব্যবহারে রাজি হলেও ছবির নায়ক তাতে সম্মতি দেননি। ফলে নীহারিকার সামনে শর্ত মেনে নেওয়া অথবা ছবিটি ছেড়ে দেওয়ার পথ খোলা ছিল। শেষ পর্যন্ত নিজের অবস্থান থেকে সরে আসেননি তিনি।

ছবিটি হারালেও নিজের সিদ্ধান্ত নিয়ে কোনো অনুশোচনা নেই নীহারিকার। তাঁর মতে, কোনো শিল্পী কোনো দৃশ্যে অভিনয় করবেন কি না, সেটি সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তকে সম্মান করা উচিত বলেও মনে করেন তিনি।

মুম্বাইয়ে ক্যারিয়ারের শুরুর সংগ্রামের কথাও জানিয়েছেন নীহারিকা। তিন-চার বছর আগে সেখানে গিয়ে কার্তিক সুব্বারাজের প্রযোজনা প্রতিষ্ঠান স্টোন বেঞ্চ ফিল্মসের সঙ্গে তিন বছরের প্রশিক্ষণ চুক্তি করেছিলেন তিনি। ওই চুক্তির কারণে অন্য কোনো কাজে যুক্ত হওয়ার সুযোগ ছিল না। এমনকি দক্ষিণ ভারতের কয়েকটি সিনেমার প্রস্তাবও তাঁকে ফিরিয়ে দিতে হয়েছিল।

পরে সেই সিনেমাগুলোর কয়েকটি ভালো সাফল্য পাওয়ায় হতাশ হয়েছিলেন নীহারিকা। তাঁর ভাষ্য অনুযায়ী, তখন মনে হয়েছিল সুযোগগুলো হাতছাড়া হয়ে যাচ্ছে। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে নিজের ক্যারিয়ার গড়ার সুযোগ পান তিনি।

হিন্দি সিনেমায় কাজ খোঁজার অভিজ্ঞতাও শুরুতে খুব একটা স্বস্তিদায়ক ছিল না বলে জানিয়েছেন নীহারিকা। তাঁর মতে, বলিউডে অভিনেত্রীদের চেহারা, গায়ের রং ও সৌন্দর্য নিয়ে এখনো কিছু প্রচলিত ধারণা রয়েছে। এসব কারণে একসময় তাঁর মনে হয়েছিল, এটি হয়তো তাঁর জন্য উপযুক্ত প্রতিযোগিতার জায়গা নয়।

তবে সেসব বাধা পেরিয়ে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেছেন নীহারিকা। ২০২৩ সালে মার্কিন অ্যানিমেটেড সিরিজ ‘বিগ মাউথ’-এর সপ্তম মৌসুমে অতিথি কণ্ঠশিল্পী হিসেবে কাজ করেন তিনি। এরপর তামিল সিনেমা ‘পেরুসু’ দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেন। পরে ‘মিত্রা মণ্ডলী’ ও ‘ইধয়ম মুরলি’সহ বিভিন্ন ভাষার ছবিতে অভিনয়ের সুযোগ পান।

এবার ‘ভাই তেরা স্টার হ্যায়’ দিয়ে হিন্দি সিনেমায় নতুন অধ্যায় শুরু করেছেন নীহারিকা। ক্যারিয়ারের শুরুর দিকে প্রত্যাখ্যান, চুক্তির বাধ্যবাধকতা ও ব্যক্তিগত সীমারেখা নিয়ে নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে এগিয়ে এসে এখন নিজের পছন্দের কাজেই মনোযোগ দিতে চান তিনি। তাঁর ভাষায়, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর আর কেউ তাঁকে থামাতে পারেনি; বিভিন্ন ভাষার সিনেমায় কাজের সুযোগই তাঁকে বর্তমান অবস্থানে পৌঁছে দিয়েছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: