অপ্রতীমের মৃত্যুতে স্তব্ধ শোবিজ, সিয়াম-পূজার বিচার দাবি

Pinky Saha Pinky Saha ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ PM BST ৫৪ বার পঠিত
অপ্রতীমের মৃত্যুতে স্তব্ধ শোবিজ, সিয়াম-পূজার বিচার দাবি

Photo Collected

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে অপ্রতীমের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারসহ নানা মহলে। শোবিজ অঙ্গনের তারকারাও এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন এবং সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি তুলেছেন।

অভিনেতা সিয়াম আহমেদ ফেসবুক পোস্টে অপ্রতীমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। বাবা হওয়ার পর কোনো শিশুর এমন খবর তাঁকে নিজের সন্তানের কথা মনে করিয়ে দেয় বলে জানান তিনি। অপ্রতীমের পরিবারের কষ্ট কোনো শব্দে প্রকাশ করা সম্ভব নয় উল্লেখ করে সিয়াম ঘটনার সঠিক তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

অভিনেত্রী পূজা চেরীও অপ্রতীমের মৃত্যুতে মর্মাহত হয়েছেন। তিনি বলেন, একটি পরিবারের স্বপ্ন এভাবে অকালে ঝরে যাওয়া মেনে নেওয়া কঠিন। অপ্রতীমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি সৃষ্টিকর্তার কাছে তাদের এই শোক সহ্য করার শক্তি কামনা করেন।

পূজা আরও বলেন, ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে সত্য সামনে আসা এবং দায়ীদের আইনের আওতায় আনা উচিত।

অন্যদিকে অভিনেতা ইরফান সাজ্জাদ শোকের পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেছেন। ফেসবুক পোস্টে তিনি দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন এবং অপ্রতীমের মৃত্যুর ঘটনায় বিচার না হলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয় বলে মন্তব্য করেন।

অপ্রতীমের মৃত্যুতে শোবিজ তারকাদের প্রতিক্রিয়ায় একদিকে যেমন গভীর শোক প্রকাশ পেয়েছে, তেমনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিও উঠে এসেছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: