collected
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের হত্যাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে অপ্রতিমের জানাজা শেষে ক্যাম্পাস থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্বরোডের দিকে যাওয়ার পর তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন।
এ সময় শিক্ষার্থীরা অপ্রতিম হত্যার বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেন। তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাদিকুর রহমান বলেন, তারা শুধু অপ্রতিম হত্যার বিচারের জন্যই আন্দোলনে নামেননি, বরং দেশে এ ধরনের ঘটনার প্রতিকারও চান। তিনি অপ্রতিম হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আরাফ ভূঁইয়া পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, পুলিশ তদন্তে বিভিন্ন ‘ক্লু’ পাওয়ার কথা জানালেও সেগুলো সম্পর্কে তারা বিস্তারিত জানতে পারছেন না। তদন্তে পুলিশের ব্যর্থতার দায় স্বীকার না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান।
অপ্রতিমের মরদেহ উদ্ধারের পর থেকেই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ক্ষোভ প্রকাশ করে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্বজনরা। রোববার সকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে প্রথম জানাজা শেষে তার মরদেহ কোটবাড়ির গন্ধমতি ঈদগাহ মাঠে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
১৩ বছর বয়সী অপ্রতিম গত শুক্রবার দুপুরে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। প্রায় ২২ ঘণ্টা পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মামলা হয়েছে এবং পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।