সংগৃহীত ছবি
একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৯তম আসরে আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’। অস্কারের জন্য বাংলাদেশ থেকে জমা পড়া পাঁচটি সিনেমার মধ্য থেকে প্রাথমিক বাছাই ও মূল্যায়ন শেষে চূড়ান্তভাবে ‘রইদ’কে নির্বাচিত করা হয়েছে।
রোববার ঢাকার হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের অস্কার–যাত্রায় ‘রইদ’-এর নাম ঘোষণা করা হয়।
এবার অস্কারের জন্য বাংলাদেশ থেকে মোট পাঁচটি সিনেমা জমা পড়েছিল। এগুলো হলো নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রেদওয়ান রনির ‘দম’, মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। প্রাথমিক বাছাইয়ের পর চারটি সিনেমা বিবেচনায় নেওয়া হয়। সেখান থেকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয় ‘রইদ’।
বাংলাদেশের হয়ে অস্কারের আন্তর্জাতিক মঞ্চে যাওয়ার খবরে আনন্দিত নির্মাতা মেজবাউর রহমান সুমন। তিনি বলেন, ‘অনুভূতিটা ভালো, আনন্দের। কারণ, এটা আমাদের গল্প, আমাদের এই অঞ্চলের গল্প। আমাদের এখানকার সংস্কৃতি ও চিন্তার ভেতর দিয়ে গল্পটা এগিয়েছে।’
সুমনের ভাষ্য, সিনেমাকে শুধু বাণিজ্যিক দিক থেকে দেখার বিষয় নয়; এর একাডেমিক ও নান্দনিক দিকও রয়েছে। ‘রইদ’-এর মাধ্যমে সেই অভিজ্ঞতা দর্শকদের দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশের সিনেমার অস্কারযাত্রা প্রসঙ্গে নির্মাতা আরও বলেন, একটা সময় অস্কারে বাংলাদেশ থেকে পাঠানোর মতো সিনেমা সেভাবে ছিল না। তবে কয়েক বছর ধরে ভালো মানের সিনেমা বাংলাদেশের হয়ে অস্কারে প্রতিনিধিত্ব করছে। এটিকে দেশের চলচ্চিত্রের জন্য আশার দিক হিসেবে দেখছেন তিনি।
‘রইদ’ মূলত সাধু ও তাঁর স্ত্রী পাগলির সম্পর্কের সরল অথচ গভীর আখ্যান। প্রেম ও নীরবতার মধ্য দিয়ে মানবজীবনের চিরন্তন এক আদিম প্রেমের গল্প তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। সিদ্দিক আহমেদ, মেজবাউর রহমান সুমন, জাহিদ ফারুক ও শুকর্ণ শাহেদ ধীমানের চিত্রনাট্যে নির্মিত সিনেমাটির গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।
অস্কারে ‘রইদ’ নির্বাচিত হওয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন নাজিফা তুষিও। তাঁর মতে, এই যাত্রা বাংলাদেশের সিনেমার জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে। এখন অপেক্ষা অস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকার।
অস্কার বাংলাদেশ কমিটির সাত সদস্যের মূল্যায়ন ও আলোচনার ভিত্তিতে সিনেমাটি নির্বাচন করা হয়েছে। কমিটির চেয়ারপারসন জহিরুল ইসলাম। সদস্যরা হলেন সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, অপি করিম, সাইয়্যিদ শাহজাদা আল কারীম ও শাহরীন আক্তার সুমি।