photo collected
অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতার জন্য বাংলাদেশ থেকে সিনেমা জমা দেওয়ার শেষ সময় ১৬ সেপ্টেম্বর। সময়সীমা শেষ হতে আর মাত্র চার দিন বাকি থাকলেও এখনো বাংলাদেশ অস্কার কমিটির কাছে কোনো সিনেমা আনুষ্ঠানিকভাবে জমা পড়েনি। তবে ‘দেলুপি’ ও আফরান নিশো অভিনীত ‘দম’ সিনেমা জমা দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।
অস্কার বাংলাদেশ কমিটির সাবমিশন কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল মারুফ জানিয়েছেন, নিয়ম মেনে আগেই সিনেমা আহ্বান করা হলেও এখন পর্যন্ত কোনো ছবি জমা পড়েনি। তবে বেশ কয়েকটি সিনেমার টিম কমিটির সঙ্গে যোগাযোগ করেছে এবং অনলাইনে জমা দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে তাদের জানানো হয়েছে।
মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত ‘দেলুপি’ সিনেমার টিম অস্কারের প্রতিযোগিতায় ছবি জমা দেওয়ার আগ্রহের কথা জানিয়েছে। পাশাপাশি আফরান নিশো অভিনীত একটি সিনেমা জমা দেওয়ার বিষয়ে একটি টিম কমিটির সঙ্গে যোগাযোগ করেছে। পরে জানা গেছে, রেদওয়ান রনি পরিচালিত নিশোর ‘দম’ সিনেমাটি জমা দিতে চায় প্রযোজনা প্রতিষ্ঠান।
কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এর আগে আরও তিনটি সিনেমার পরিচালক ও প্রযোজক যোগাযোগ করলেও পরে তারা আর যোগাযোগ করেননি। এ ছাড়া অনেকে অস্কারে সিনেমা জমা দেওয়ার নিয়ম জানতে ফোন করেছেন।
আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে সিনেমা পাঠাতে হলে সংশ্লিষ্ট ছবিটি ১ অক্টোবর ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে বাংলাদেশের বাণিজ্যিক প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার শর্ত রয়েছে। একই সঙ্গে সিনেমাটি সাধারণ দর্শকের জন্য বাণিজ্যিকভাবে অন্তত টানা সাত দিন প্রদর্শিত হতে হবে। আন্তর্জাতিকভাবে মুক্তি পেলে সে-সংক্রান্ত তথ্যও বাংলাদেশ অস্কার কমিটির কাছে জমা দিতে হবে।
শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে ‘দেলুপি’, ‘দম’ কিংবা অন্য কোনো সিনেমা আনুষ্ঠানিকভাবে জমা পড়ে কি না, সেটিই এখন দেখার বিষয়।