পাচার করা অর্থ ফেরাতে অগ্রাধিকার মামলায় রেড নোটিশের সুপারিশ

Sharmin Sultana Sharmin Sultana ১ অক্টোবর ২০২৬, ৫:০৫ PM BST ৩৯ বার পঠিত
পাচার করা অর্থ ফেরাতে অগ্রাধিকার মামলায় রেড নোটিশের সুপারিশ

collected

বিদেশে পাচার করা অর্থ ও সম্পদ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অগ্রাধিকার ভিত্তিতে ইন্টারপোলে রেড নোটিশ পাঠানোর অনুরোধ করার সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি। একই সঙ্গে পাচারকারীদের বিদেশে পালিয়ে যাওয়া এবং সম্পদ হস্তান্তরের সুযোগ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি অনুপস্থিত থাকায় সংসদ সদস্য ইকরামুল বারী টিপুর সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। শুরুতে কমিটির সদস্য ও বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে পরিচয় পর্বের পর বৈঠকের নির্ধারিত আলোচ্যসূচি অনুযায়ী কার্যক্রম শুরু হয়।

বৈঠকে বিদেশে পাচার হওয়া বাংলাদেশের চুরি যাওয়া সম্পদ শনাক্ত, পুনরুদ্ধার এবং দেশে ফিরিয়ে আনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন ক্ষতিগ্রস্ত ব্যাংক নিজেদের আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এর অংশ হিসেবে বিদেশে পাচার করা সম্পদ, বাণিজ্যিক স্বার্থ, বিদেশি বিনিয়োগ ও সংশ্লিষ্ট ব্যাংক হিসাবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া বিদেশে থাকা সম্পদের অবস্থান শনাক্ত এবং সেগুলো পুনরুদ্ধারের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে বলে বৈঠকে জানানো হয়। তদন্তের আওতায় পাচার করা অর্থের উৎস, অর্থ স্থানান্তরের কৌশল, সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে যোগসাজশ এবং অপরাধের সঙ্গে সম্পদের সম্পর্ক নির্ধারণের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।

বৈঠকে আরও জানানো হয়, বিভিন্ন দেশে থাকা জমি, বাড়ি, ফ্ল্যাট, প্লট, ব্যাংক হিসাব, কোম্পানির শেয়ার, বিও হিসাব, ব্যবসায়িক স্বার্থ, ট্রাস্ট ও বিদেশি বিনিয়োগ তহবিলের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এসব তথ্য যাচাই ও পাচার হওয়া সম্পদের সঙ্গে সংশ্লিষ্টতা নির্ধারণে জয়েন্ট ইনভেস্টিগেশন টিম বা যৌথ তদন্ত দল কাজ করছে। দলটি অর্থপাচার ও অবৈধ সম্পদ স্থানান্তরসংক্রান্ত বিভিন্ন মামলার তদন্তও পরিচালনা করছে।

আলোচনা শেষে কমিটি বিদেশে পলাতক অভিযুক্ত ব্যক্তিদের মাধ্যমে সম্পদ সরিয়ে নেওয়া বা হস্তান্তরের সম্ভাবনা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ দেয়। এর অংশ হিসেবে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনার সুপারিশ করা হয়। পাশাপাশি অগ্রাধিকারপ্রাপ্ত মামলাগুলোতে দ্রুত ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

কমিটি বিদেশে পাচার করা অর্থ ও সম্পদ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া আরও কার্যকর করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপরও গুরুত্ব দেয়। একই সঙ্গে পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে চলমান তদন্ত ও আইনি কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলা হয়।

বৈঠকে কমিটির সদস্য মো. সেলিম রেজা, মো. আব্দুল আজিজ, মো. মুজিবুর রহমান চৌধুরী, মোহাম্মদ জাকির হোসেন, মোসাম্মৎ সাম্মী আক্তার, মো. রফিকুল ইসলাম খান ও মো. মাসুদ পারভেজ উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: