পদ্মায় স্রোত ও ডুবোচরে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল ব্যাহত, দীর্ঘ যানজট

Sharmin Sultana Sharmin Sultana ৯ সেপ্টেম্বর ২০২৬, ৫:২৮ PM BST ঢাকা ১৪ বার পঠিত
পদ্মায় স্রোত ও ডুবোচরে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল ব্যাহত, দীর্ঘ যানজট

collected

পদ্মায় প্রবল স্রোত ও ডুবোচরের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। স্রোতের তোড়ে চলাচলকারী ফেরিগুলো নির্দিষ্ট চ্যানেল ছেড়ে ভাটিপথে গিয়ে প্রায়ই ডুবোচরে আটকে পড়ছে। এতে স্বাভাবিক ফেরিপারাপার ব্যাহত হয়ে উভয় ঘাটে বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানসহ রাজধানীমুখী শত শত গাড়ি আটকা পড়ে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT রবি আজিয়াটা লিমিটেড

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার সড়ক যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ দৌলতদিয়া-পাটুরিয়া। প্রতিদিন এ নৌপথ দিয়ে কয়েক হাজার যানবাহন ফেরিতে পারাপার হয়।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত দৌলতদিয়া ঘাট এলাকায় দেখা যায়, ঘাটের জিরোপয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ক্যানেলঘাট পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কের এক পাশে যাত্রীবাহী বাস এবং অন্য পাশে পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানের দীর্ঘ সারি।

ঘাটসংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বর্তমানে পাটুরিয়া প্রান্তে নদীর স্রোত তুলনামূলক কম থাকলেও দৌলতদিয়া প্রান্তে পদ্মায় প্রচণ্ড স্রোত রয়েছে। এর ফলে পাটুরিয়া থেকে ছেড়ে আসা ফেরিগুলো দৌলতদিয়ায় পৌঁছেও দ্রুত ঘাটের পন্টুনে ভিড়তে পারছে না। ফলে ফেরিপারের অপেক্ষায় ঘাটে দীর্ঘ সময় ধরে আটকে থাকছে যানবাহন।

বেনাপোল থেকে আসা পণ্যবাহী একটি কাভার্ডভ্যানের চালক বাবুল হোসেন বলেন, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে দৌলতদিয়ায় এসে গাড়ি নিয়ে আটকা পড়েছেন। কখন ফেরিতে উঠতে পারবেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাচ্ছেন না বলেও জানান তিনি।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় মিলিয়ে মোট ১৭টি ফেরি রয়েছে। এর মধ্যে ৯টি রো-রো ফেরি, দুটি মাঝারি, তিনটি ছোট, দুটি ইউটিলিটি ও একটি কে-টাইপ ফেরি।

তবে চলাচলকারী বড় রো-রো ফেরিগুলোর অনেকগুলোই পুরোনো। প্রবল স্রোতের বিপরীতে চলাচলের সময় এসব ফেরিতে প্রায়ই যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে। এতে ফেরির স্বাভাবিক চলাচল আরও ব্যাহত হচ্ছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, প্রবল স্রোতের পাশাপাশি ডুবোচরের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে স্বাভাবিক ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। পারাপারে বেশি সময় লাগায় ফেরির ট্রিপসংখ্যাও কমে গেছে।

তিনি বলেন, এ কারণে দৌলতদিয়া ঘাটে যানবাহনগুলো দীর্ঘ সময় ফেরির সিরিয়ালে আটকে থাকছে। তবে যাত্রীদের দুর্ভোগ কমাতে বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারসহ যাত্রীবাহী যানবাহনগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে ফেরিতে পারাপার করা হচ্ছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
শেয়ার করুন: