ঢালিউড অভিনেত্রী পরীমনি। ছবি: সংগৃহীত
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় ঢালিউড অভিনেত্রী পরীমনি। নিজের ব্যক্তিগত অনুভূতি, ভালো লাগা ও জীবনের নানা মুহূর্ত প্রায়ই ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তিনি। এ কারণে তার ব্যক্তিজীবনের বিভিন্ন বিষয় নিয়েও নেটিজেনদের আগ্রহ রয়েছে।
পরীমনির ‘প্রথম প্রেম’ বা প্রথম ক্রাশ কে—এ নিয়েও বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে নিজের ‘প্রথম সবকিছু’ নিয়ে কথা বলতে গিয়ে প্রথম ক্রাশের নাম জানিয়েছিলেন অভিনেত্রী। তখন তাকে প্রথম ক্রাশ সম্পর্কে জানতে চাইলে পরীমনি বলেছিলেন, ‘ক্রাশ! রনিত রায়।’
ভারতের জনপ্রিয় অভিনেতা রনিত রায় ‘আদালত’ সিরিজে ‘কেডি পাঠক’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পেয়েছেন। সম্প্রতি সেই অভিনেতারই একটি ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন পরীমনি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রনিত রায়ের একটি ভিডিও শেয়ার করেন এই অভিনেত্রী। ভিডিওটিতে রনিত রায়কে গভীর মনোযোগে বাঁশি বাজাতে দেখা যায়। ভিডিওটির সঙ্গে তিনি একটি আবেগঘন ক্যাপশনও দিয়েছেন।
রনিত রায়ের শেয়ার করা ওই ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, ‘যাদের ছাড়া আপনি বাঁচতে পারবেন না, তাদেরকেই আপনি তৈরি করছেন—আপনাকে ছাড়া বাঁচতে শেখার জন্য।’
ভিডিওতে বাঁশির সুরের পাশাপাশি রনিত রায়ের এমন জীবনমুখী বার্তাও পরীমনির দৃষ্টি আকর্ষণ করেছে বলে তার পোস্ট থেকে ধারণা করা যায়। নিজের ওয়ালে ভিডিওটি শেয়ার করার সময় রনিত রায়ের নাম লিখে পাশে একটি লাল হৃদয়ের ইমোজি যোগ করেন তিনি।
পরীমনির এই পোস্টের পর আবারও তার ‘প্রথম ক্রাশ’ রনিত রায়কে ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। তবে ভিডিওটি শেয়ার করার পেছনে অভিনেত্রীর ব্যক্তিগত অনুভূতি বা অন্য কোনো কারণ রয়েছে কি না, সে বিষয়ে তিনি আলাদাভাবে কিছু জানাননি।