পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল, পদোন্নতি পেলেন ৪ কর্মকর্তা

Sharmin Sultana Sharmin Sultana ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১:৩৬ PM BST ৩৪ বার পঠিত
পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল, পদোন্নতি পেলেন ৪ কর্মকর্তা

collected

বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল ও পদোন্নতি দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনে বিসিএস (পুলিশ) ক্যাডারের ৬ অতিরিক্ত আইজিপি ও ৫ ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে বদলি ও নতুন পদে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপন দুটি জারি করা হয়।

প্রথম প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি পদমর্যাদার কর্মকর্তাদের বদলি ও পদায়নের পাশাপাশি কয়েকজন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) সায়েদুর রহমানকে পদোন্নতি দিয়ে পুলিশ অধিদফতরের অতিরিক্ত আইজিপি করা হয়েছে।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) মাইনুল হাসানকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) পদে পদায়ন করা হয়েছে।

ঢাকা রেঞ্জের ডিআইজি ইকবাল হোসেনকে পদোন্নতি দিয়ে পুলিশ অধিদফতরের অতিরিক্ত আইজিপি করা হয়েছে। একইভাবে পুলিশ অধিদফতরের ডিআইজি কামরুল আহসানকে পদোন্নতি দিয়ে বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজিপি করা হয়েছে।

এ ছাড়া বিশেষ শাখার অতিরিক্ত আইজিপি সরদার নূরুল আমীনকে পুলিশ অধিদফতরে এবং সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল জি এম আজিজুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে বদলি করা হয়েছে।

ডিআইজি পদমর্যাদায় ৫ কর্মকর্তার রদবদল

দ্বিতীয় প্রজ্ঞাপনে ডিআইজি পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি ও পদায়ন করা হয়েছে।

পুলিশ অধিদফতরের ডিআইজি রেজাউল করিমকে খুলনা রেঞ্জের ডিআইজি এবং খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

অ্যান্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মোহাম্মদ মুসলিমকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক করা হয়েছে।

বিশেষ শাখার (এসবি) ডিআইজি মীর আশরাফ আলীকে রেলওয়ে পুলিশের ডিআইজি এবং মাস র‍্যাপিড ট্রানজিটের (মেট্রোরেল) ডিআইজি সিদ্দীকী তানজিলুর রহমানকে বিশেষ শাখার (এসবি) ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের নতুন দায়িত্ব অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: