পূজায় টালিউডে চার সিনেমার লড়াই, কার পাল্লা ভারী?

Pinky Saha Pinky Saha ১৪ অক্টোবর ২০২৬, ১২:৪১ PM BST ৬৬ বার পঠিত
পূজায় টালিউডে চার সিনেমার লড়াই, কার পাল্লা ভারী?

ছবি: সংগৃহীত

দুর্গাপূজাকে কেন্দ্র করে এবার পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুখোমুখি হচ্ছে চারটি আলোচিত বাংলা সিনেমা। দেব-শুভশ্রীর জুটি, জনপ্রিয় একেনবাবু, ‘বহুরূপী’র সাফল্যের পর নতুন কিস্তি এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ঘিরে সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমা—বিভিন্ন স্বাদের এসব ছবি ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে দর্শকদের আগ্রহ।

চার ছবির মধ্যে ‘দেশু৭’কে ঘিরে অন্যতম বড় আকর্ষণ দেব-শুভশ্রী জুটি। গত বছরের ‘ধূমকেতু’র পর আবারও এই জুটিকে বড় পর্দায় দেখার সুযোগ পাচ্ছেন দর্শকেরা। তবে এবার বাড়তি চমক হলো, অভিনয়ের পাশাপাশি এই ছবির পরিচালক ও প্রযোজকের দায়িত্বও নিয়েছেন দেব। রোমান্স ও অ্যাকশনধর্মী ছবিটিতে দেব-শুভশ্রীর সঙ্গে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্যসহ আরও অনেকে। ছবিটি মুক্তি পাবে ১৬ অক্টোবর।

অন্যদিকে, জনপ্রিয় গোয়েন্দা চরিত্র একেনবাবুকে নিয়ে আসছেন অনির্বাণ চক্রবর্তী। ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’ ছবির গল্প এগিয়েছে এক বিজ্ঞানীর অপহরণ রহস্যকে কেন্দ্র করে। অপহরণকারীর সন্ধানে কেরালায় পৌঁছান একেনবাবু। রহস্যের পাশাপাশি থাকছে তার স্বভাবসুলভ হাস্যরসও। ছবিটি পশ্চিমবঙ্গে মুক্তি পাবে ১৫ অক্টোবর এবং পরদিন ভারতের অন্যান্য অঞ্চলে।

২০২৪ সালের ‘বহুরূপী’র সাফল্যের পর এবার আরও বড় পরিসরে ফিরছে ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের এই ছবিতে অভিনয় করেছেন শিবপ্রসাদ, যিশু সেনগুপ্ত, সোহিনী সরকার ও কৌশানি মুখোপাধ্যায়। অ্যাকশন-থ্রিলারধর্মী ছবিটির অন্যতম আকর্ষণ যিশু ও শিবপ্রসাদের মুখোমুখি লড়াই। ছবিটি মুক্তি পাবে ১৫ অক্টোবর।

এদিকে অ্যাকশন, রোমান্স ও রহস্যের বাইরে ইতিহাসনির্ভর গল্প নিয়ে হাজির হচ্ছেন সৃজিত মুখোপাধ্যায়। সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবন ও রাজনৈতিক চেতনা ঘিরে নির্মিত ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী। ছবিটির মূল অনুপ্রেরণা শরৎচন্দ্রের ‘পথের দাবী’ উপন্যাস। ছবিটিও ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

সব মিলিয়ে পূজার ছুটিতে দর্শকদের সামনে থাকছে চার ধরনের গল্প ও ভিন্ন স্বাদের সিনেমা। উদ্বোধনী দিনের দর্শক আগ্রহের পর কোন ছবি প্রশংসা ও বক্স অফিসে এগিয়ে যায়, শেষ পর্যন্ত সেটিই নির্ধারণ করবে পূজার লড়াইয়ে কার পাল্লা ভারী।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: