ছবি: সংগৃহীত
প্যারিসের জমকালো ফ্যাশন শোতে আবারও নজর কাড়লেন বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে ল’রিয়াল প্যারিসের প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক তারকাদের সঙ্গে একই মঞ্চে র্যাম্পে হাঁটেন এই অভিনেত্রী।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, এদিন ঐশ্বরিয়ার সাজে ছিল আভিজাত্যের ছোঁয়া। র্যাম্পে তাঁর পরনে ছিল ক্রিস্টাল খচিত কেপসহ একটি কর্সেটযুক্ত কালো ভেলভেটের ফিশটেল গাউন।
সাজের সঙ্গে মাথায় ছিল ঝলমলে রত্নখচিত মুকুট। সতেজ মেকআপের পাশাপাশি ঐশ্বরিয়ার ট্রেডমার্ক লাল লিপস্টিক তাঁর পুরো লুককে আরও আকর্ষণীয় করে তোলে। র্যাম্পে তাঁর উপস্থিতি মুহূর্তেই ক্যামেরার নজর কাড়ে।
ফ্যাশন শোর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্তদের প্রশংসায় ভাসছেন ঐশ্বরিয়া। আন্তর্জাতিক ফ্যাশন মঞ্চে তাঁর উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য ও প্রতিক্রিয়াও দেখা গেছে।
শুধু র্যাম্পে হাঁটাই নয়, শো শুরুর আগে রিহার্সালের সময়ও আন্তর্জাতিক তারকাদের সঙ্গে ঐশ্বরিয়ার আন্তরিকতা নজর কেড়েছে। বিভিন্ন তারকার সঙ্গে কুশল বিনিময় করতে দেখা যায় তাঁকে।
অভিনেত্রী সিমোন অ্যাশলির সঙ্গে ঐশ্বরিয়ার কথোপকথনের একটি মুহূর্ত বিশেষভাবে আলোচনায় এসেছে। তাঁদের কথা বলা এবং ঐশ্বরিয়ার সিমোনের হাত ধরে রাখার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভক্তদের মধ্যেও বেশ সাড়া ফেলেছে।
এ ছাড়া ফ্যাশন শোর ফাঁকে ল’রিয়ালের আরেক ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং ঐশ্বরিয়ার দীর্ঘদিনের বন্ধু ইভা লঙ্গোরিয়ার সঙ্গেও দেখা হয় তাঁর। দুই তারকার পুনর্মিলনের মুহূর্তটিও অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে।
আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে ঐশ্বরিয়ার উপস্থিতি নতুন নয়। এবারও ল’রিয়াল প্যারিসের প্রতিনিধি হিসেবে তাঁর উপস্থিতি এবং রাজকীয় সাজে র্যাম্পে হাঁটার মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।