প্যারিসের রানওয়েতে আবারও ঐশ্বরিয়া, সঙ্গে ভায়োলা-কেন্ডালসহ তারকারা

Pinky Saha Pinky Saha ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৪:২৫ PM BST ২৯ বার পঠিত
প্যারিসের রানওয়েতে আবারও ঐশ্বরিয়া, সঙ্গে ভায়োলা-কেন্ডালসহ তারকারা

ছবি: সংগৃহীত

আবারও প্যারিসের আন্তর্জাতিক ফ্যাশন মঞ্চে হাঁটতে দেখা যাবে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইকে। আগামী ২৮ সেপ্টেম্বর ফ্রান্সের রাজধানীতে বসছে ল’রিয়াল প্যারিসের নবম ‘লে দেফিলে ল’রিয়াল প্যারিস’ ফ্যাশন শো।

আইফেল টাওয়ারকে পেছনে রেখে প্লাস জফ্রে-তে অনুষ্ঠিত হবে এবারের আয়োজন। ‘এক্সপ্রেস ইয়োর ওয়ার্থ’—অর্থাৎ নিজের মূল্য ও আত্মবিশ্বাস প্রকাশের ভাবনাকে এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য করা হয়েছে।

ল’রিয়াল প্যারিসের এই আয়োজনে ঐশ্বরিয়ার উপস্থিতি অবশ্য নতুন নয়। প্রতি বছরই তার পোশাক, সাজ ও রানওয়ে উপস্থিতি ভক্তদের নজর কাড়ে। তাই এবার কী সাজে তাকে দেখা যাবে, তা নিয়ে এরই মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।

২০২৪ সালের আয়োজনে লাল রঙের জমকালো গাউনে হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া। গাউনটির নিচের অংশ ছিল বড় ও বেলুনের মতো আকৃতির। সঙ্গে ছিল ঘন ভলিউমের চুলের সাজ ও গাঢ় লাল লিপস্টিক। রানওয়েতে হাঁটার পর তার ‘নমস্তে’ ভঙ্গিও বিশেষভাবে নজর কেড়েছিল।

পরের বছর অবশ্য একেবারে ভিন্ন সাজে দেখা যায় অভিনেত্রীকে। গাউনের বদলে মনীশ মালহোত্রার নকশা করা গাঢ় নীল মখমলের শেরওয়ানি পরেছিলেন তিনি। এতে ছিল অলংকারখচিত কাফ, হীরার ব্রোচ ও পেছনে স্ক্যালপড হীরার নকশা।

গত দুই বছরের ভিন্নধর্মী সাজের পর এবার ঐশ্বরিয়া কী পরেন, সেটিই এখন ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু। ২৮ সেপ্টেম্বর আইফেল টাওয়ারের পটভূমিতে রানওয়েতে হাঁটবেন তিনি।

ল’রিয়াল প্যারিসের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে ঐশ্বরিয়ার। কান চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে প্যারিসের বিভিন্ন আন্তর্জাতিক ফ্যাশন আয়োজনে নিয়মিত উপস্থিতির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ভারতীয় তারকাদের প্রতিনিধিত্ব করেছেন তিনি।

এবারের রানওয়েতে ঐশ্বরিয়ার সঙ্গে থাকবেন হলিউড অভিনেত্রী ভায়োলা ডেভিস, জেন ফন্ডা, কেন্ডাল জেনার, সিমোন অ্যাশলি, কারা ডেলেভিন, ইভা লঙ্গোরিয়া, অ্যান্ডি ম্যাকডাওয়েল ও আজা নাওমি কিং। আরও থাকছেন বেবে ভিও গ্রান্ডিস, মডেল লুমা গ্রোথে ও প্যারালিম্পিক চ্যাম্পিয়ন ম্যারি বোশে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: