রাধিকার প্রশ্ন, ‘ঘনিষ্ঠ দৃশ্যটি গল্পের জন্য কতটা প্রয়োজন?’

Pinky Saha Pinky Saha ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ PM BST ৩০ বার পঠিত
রাধিকার প্রশ্ন, ‘ঘনিষ্ঠ দৃশ্যটি গল্পের জন্য কতটা প্রয়োজন?’

ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের শুরুতে কয়েকটি সিনেমায় নগ্ন ও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন রাধিকা আপ্তে। সেই কারণে চলচ্চিত্র অঙ্গনের কিছু মানুষের ধারণা তৈরি হয়েছিল, এ ধরনের যেকোনো দৃশ্যে তিনি রাজি হয়ে যাবেন। তবে সময়ের সঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম জুমকে দেওয়া সাক্ষাৎকারে রাধিকা জানান, ক্যারিয়ারের শুরুর দিকে চার-পাঁচটি সিনেমায় তাঁকে পুরোপুরি নগ্ন হতে হয়েছিল। এরপর কেউ কেউ ধরে নেন, তাঁকে যেকোনো ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের জন্য রাজি করানো সম্ভব।

তবে এখন কোনো পরিচালক চুম্বন বা ঘনিষ্ঠ দৃশ্যের প্রস্তাব দিলে প্রথমেই এর প্রয়োজনীয়তা জানতে চান রাধিকা। তাঁর প্রশ্ন, দৃশ্যটি গল্পের জন্য কেন গুরুত্বপূর্ণ এবং এর মাধ্যমে নির্মাতা কী অর্জন করতে চান।

রাধিকার ভাষায়, ‘এখন আমি আরও বেশি জানতে চাই। আমি চাই, তাঁরা আমাকে ব্যাখ্যা করুন—কেন এটা করতে চান?’

অভিনেত্রী জানান, অনেক সময় নির্মাতাদের কাছ থেকে এর স্পষ্ট উত্তর পাওয়া যায় না। শুধু ‘একটু’ ঘনিষ্ঠ দৃশ্য বা কয়েক সেকেন্ডের ইম্প্রোভাইজেশনের কথা বলা হয়। এমন পরিস্থিতিতে রাজি হন না তিনি।

একবার একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে পোশাক নিয়ে অস্বাভাবিক প্রস্তাবও পেয়েছিলেন রাধিকা। তাঁকে পোশাকের বোতাম না লাগিয়ে, এমনকি আরও কম পোশাকে দৃশ্যটি করার কথা বলা হয়েছিল। পাল্টা তিনি জানতে চেয়েছিলেন, ‘আমরা আসলে কী অর্জন করতে চাইছি?’

রাধিকার মতে, কোনো শিল্পী আগে একটি নির্দিষ্ট ধরনের দৃশ্যে অভিনয় করেছেন বলেই ভবিষ্যতে একই ধরনের সব প্রস্তাবে রাজি হবেন—এমন ধারণা ঠিক নয়। প্রতিটি দৃশ্যের প্রয়োজনীয়তা ও গল্পের সঙ্গে এর সম্পর্ক নির্মাতাদের স্পষ্ট করা উচিত।

বর্তমানে রাধিকা আপ্তেকে নেটফ্লিক্সের ‘লাস্ট স্টোরিজ ৩’-এ দেখা যাচ্ছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: