collected
রাজধানীর শেরেবাংলানগর এলাকায় জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ১ নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শাহীন ওরফে আরিফ মোল্লা (৪৫) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালক আহত হয়েছেন। পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে আহত শাহীনকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দিবাগত রাত ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহত শাহীনের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ছলিমাবাদ এলাকায়। তিনি ওই এলাকার মৃত ভোলা শেখের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার গ্যারেজে থাকেন।
আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা শেরেবাংলানগর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব আলম জানান, শেরেবাংলানগর থানাধীন জুলাই স্মৃতি জাদুঘরের ১ নম্বর গেটের সামনে দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হলে এর স্প্লিন্টারের আঘাতে পাশে থাকা সিএনজিচালিত অটোরিকশার চালক শাহীন আহত হন।
এসআই মাহবুব আলম বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, কারা এ ঘটনায় জড়িত এবং কী কারণে ককটেল নিক্ষেপ করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।