রানী মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি আর নেই, ৭৫ বছর বয়সে মৃত্যু

Pinky Saha Pinky Saha ২২ সেপ্টেম্বর ২০২৬, ৫:২৯ PM BST ৪৬ বার পঠিত
রানী মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি আর নেই, ৭৫ বছর বয়সে মৃত্যু

Photo Collected

বলিউড অভিনেত্রী রানী মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি মারা গেছেন। মঙ্গলবার দুপুরে ৭৫ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। যশ রাজ ফিল্মসের পক্ষ থেকে পরিবারের হয়ে মৃত্যুর খবর জানানো হয়েছে।

এক বিবৃতিতে জানানো হয়, গভীর শোকের সঙ্গে কৃষ্ণা মুখার্জির মৃত্যুর খবর জানানো হয়েছে। কঠিন এই সময়ে ভালোবাসা, প্রার্থনা ও সমর্থন জানানোর জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে পরিবার। একই সঙ্গে শোকের সময়ে পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ করা হয়েছে। তবে মৃত্যুর কারণ ও শেষকৃত্যের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

রানী মুখার্জির অভিনয়জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর মায়ের। বিভিন্ন সাক্ষাৎকারে রানী জানিয়েছেন, তিনি নিজে অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত নেননি; বরং কৃষ্ণাই তাকে অভিনয়ে আসার পরামর্শ দিয়েছিলেন। এমনকি মেয়ের প্রথম স্ক্রিন টেস্ট দেখে একসময় কৃষ্ণা হতাশও হয়েছিলেন। পরে অবশ্য রানীর দীর্ঘ সফল ক্যারিয়ার সেই সংশয়কে বদলে দেয়।

‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমায় বাঙালি মায়ের চরিত্রে অভিনয়ের সময়ও কৃষ্ণার কাছ থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন রানী। সন্তানের প্রতি মায়ের যত্ন, আদর ও আবেগের অনেকটাই তিনি নিজের মায়ের আচরণ থেকে নিয়েছিলেন বলে জানিয়েছিলেন অভিনেত্রী।

কৃষ্ণা মুখার্জি নিজেও চলচ্চিত্রজগতের সঙ্গে যুক্ত ছিলেন। বাংলা ও হিন্দি সিনেমায় প্লেব্যাক গায়িকা হিসেবে কাজ করেছেন তিনি। ‘মোমের আলো’, ‘হাইওয়ান’, ‘তিসরি আঁখ’ ও ‘তোমার রক্তে আমার সোহাগ’সহ বিভিন্ন ছবিতে তাঁর কাজের তথ্য পাওয়া যায়।

পরিচালক রাম মুখার্জিকে বিয়ে করেছিলেন কৃষ্ণা। তাঁদের দুই সন্তান—রানী ও রাজা মুখার্জি। রাম মুখার্জিও হিন্দি ও বাংলা চলচ্চিত্রে পরিচালক ও প্রযোজক হিসেবে কাজ করেছেন। ১৯৯৬ সালের বাংলা ছবি ‘বিয়ের ফুল’-এর মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় রানীর।

তিন দশকের অভিনয়জীবনে ‘গুলাম’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘সাথিয়া’, ‘হাম তুম’, ‘ব্ল্যাক’, ‘বান্টি অউর বাবলি’সহ বহু সিনেমায় অভিনয় করেছেন রানী মুখার্জি। সর্বশেষ ‘মর্দানি ৩’ সিনেমায় দেখা গেছে তাকে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: