সংগৃহীত ছবি
দক্ষিণী সিনেমার তারকা জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানাকে ঘিরে ভক্তদের আগ্রহের শেষ নেই। তাঁদের নতুন সিনেমা ‘রণবলী’ মুক্তির আগে প্রচারের ব্যস্ততার মধ্যেই সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছেন রাশমিকা। হায়দরাবাদে সিনেমার প্রচারে গিয়ে এক শিশুকে কোলে নিয়ে আদর করার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। শিশুটির নাকের নিচে বিজয়ের সিনেমার চরিত্রের মতো ছোট্ট গোঁফ দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন অভিনেত্রী।
ভিডিওতে দেখা যায়, হালকা বেগুনি রঙের সালোয়ার-কামিজ পরা রাশমিকা শিশুটিকে কোলে নিয়ে আদর করছেন। শিশুটির গোঁফ দেখে মুগ্ধ হয়ে বারবার ‘কী মিষ্টি!’ বলতেও শোনা যায় তাঁকে। সিনেমার প্রচারের মাঝে অভিনেত্রীর এমন আন্তরিক মুহূর্ত ভক্তদের মন জয় করেছে।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর মন্তব্যের ঘরে রাশমিকার প্রশংসা করেছেন অনেকে। একজন লিখেছেন, এত বড় তারকা হয়েও অভিনেত্রীর মধ্যে অহংকার নেই। আরেকজন মন্তব্য করেছেন, ভবিষ্যতে মা হিসেবে রাশমিকাকে খুব মিষ্টি লাগবে। শিশুটির গোঁফ দেখে কেউ কেউ তাকে ছোট্ট ‘রণবলী’ বলেও উল্লেখ করেছেন।
এদিকে, মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে বিজয় ও রাশমিকা তিরুমালা মন্দিরে পূজা দিতে যান। সেখানে তাঁদের দেখতে ভক্তদের ভিড় জমে। ভিড়ের মধ্যে স্ত্রীকে আগলে রাখতে দেখা যায় বিজয়কে। তাঁদের এই মুহূর্তও অনুরাগীদের নজর কেড়েছে।
বিজয় ও রাশমিকার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহল বরাবরই রয়েছে। এর মধ্যেই তাঁদের নতুন সিনেমা ‘রণবলী’ শুক্রবার (১৬ অক্টোবর) প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। তেলুগু, তামিল, হিন্দি, মালয়ালম ও কন্নড়—পাঁচটি ভাষায় মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটিকে ঘিরে এখন প্রচারে ব্যস্ত এই তারকা জুটি।