ছবি: সংগৃহীত
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন অভিনীত পরিচালক অ্যাটলির বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর সিনেমা ‘রাকা’ নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছে। দীপিকা পাড়ুকোন ও রাশমিকা মান্দানার মতো তারকারা সিনেমাটিতে যুক্ত থাকায় শুরু থেকেই এটি আলোচনায় রয়েছে। এবার সিনেমাটির নির্মাতারা রহস্যময় একটি টিজার প্রকাশ করায় কৌতূহল আরও বেড়েছে।
সম্প্রতি প্রকাশিত টিজারে সিনেমার গল্প বা চরিত্র সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। টিজার প্রকাশের সঙ্গে লেখা হয়েছে, ‘বিশ্বজয়ী এক অভিজ্ঞতার সাক্ষী হতে প্রস্তুত হন।’
সিনেমাটির ট্যাগলাইনেও রহস্যের ইঙ্গিত রয়েছে। সেখানে বলা হয়েছে, ‘যা সম্ভব বলে মনে হয়েছিল, তারও বাইরে। আমরা কল্পনা করার সাহস করেছি। অর্জন করার সাহস করেছি। রাকা: বিশ্বজয়।’
‘রাকা’ নিয়ে এখন পর্যন্ত খুব বেশি তথ্য প্রকাশ করেননি নির্মাতারা। সিনেমাটির শুটিং কোথায় হয়েছে কিংবা এর নির্মাণের ব্যাপ্তি কতটা—এসব বিষয়ও গোপন রাখা হয়েছে। ফলে সিনেমাটির গল্প ও চরিত্র নিয়ে দর্শকদের মধ্যে নানা জল্পনা তৈরি হয়েছে।
‘রাকা’য় চার চরিত্রে আল্লু অর্জুন?
বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ‘রাকা’ সিনেমায় চারটি ভিন্ন চরিত্রে দেখা যেতে পারে আল্লু অর্জুনকে। গুঞ্জন রয়েছে, তিনি একই সিনেমায় দাদা, বাবা ও দুই ছেলের চরিত্রে অভিনয় করবেন।
এ ছাড়া সিনেমাটির গল্পে দুটি প্যারালাল ইউনিভার্স বা সমান্তরাল মহাবিশ্বের ধারণা থাকতে পারে বলেও আলোচনা রয়েছে। তবে আল্লু অর্জুনের চার চরিত্রে অভিনয় কিংবা সমান্তরাল মহাবিশ্বের বিষয়টি এখনো নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর ও মৃণাল ঠাকুর। বিজ্ঞান কল্পকাহিনি ও অ্যাকশনধর্মী সিনেমাটি প্রযোজনা করছে সান পিকচার্স।
‘রাকা’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন আল্লু অর্জুন ও পরিচালক অ্যাটলি। নির্মাতারা গল্প ও চরিত্রের বিষয়ে বিস্তারিত তথ্য গোপন রাখায় সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ এখন আরও বাড়ছে।