রিয়াজ কি যুক্তরাষ্ট্রে? দেশত্যাগের গুঞ্জন, মেলেনি নিশ্চিত তথ্য

Pinky Saha Pinky Saha ২০ সেপ্টেম্বর ২০২৬, ১:২৮ PM BST ২৮ বার পঠিত
রিয়াজ কি যুক্তরাষ্ট্রে? দেশত্যাগের গুঞ্জন, মেলেনি নিশ্চিত তথ্য

ছবি: সংগৃহীত

একসময় ঢালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা রিয়াজ আহমেদ। বিমানবাহিনীতে প্রশিক্ষিত পাইলট হিসেবে কর্মজীবন শুরু করলেও নব্বইয়ের দশকের মাঝামাঝি অভিনয়ে পা রাখেন তিনি। ‘বাংলার নায়ক’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেকের পর একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পান।

‘প্রাণের চেয়ে প্রিয়’, ‘হৃদয়ের আয়না’, ‘প্রেমের তাজমহল’, ‘ও প্রিয়া তুমি কোথায়’, ‘হাজার বছর ধরে’ ও ‘মোল্লাবাড়ির বউ’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন রিয়াজ। হুমায়ূন আহমেদের নাটকেও দেখা গেছে তাঁকে। তাঁর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’ মুক্তি পায় ২০২২ সালে।

দীর্ঘদিন জনসম্মুখে না থাকায় এবার রিয়াজের দেশত্যাগ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন সূত্রের বরাতে দাবি করা হয়েছে, বুধবার (১৬ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের উদ্দেশে গোপনে দেশ ছেড়েছেন তিনি। তবে এ তথ্য এখনো নিশ্চিত নয়। রিয়াজ কিংবা তাঁর পরিবারের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রতিবেদনটিতে আরও দাবি করা হয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ১৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রিয়াজের দেশ ছাড়ার গুঞ্জন রয়েছে। তবে বিমানবন্দরের একটি সূত্র এমন কোনো তথ্যের বিষয়ে অবগত নয় বলে জানিয়েছে। স্থলবন্দর দিয়েও তিনি দেশ ছাড়তে পারেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে চলতি মাসের ৩ সেপ্টেম্বরও আলোচনায় আসেন রিয়াজ। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, জুলাই আন্দোলনসংশ্লিষ্ট দুটি হত্যা মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে সশরীরে হাজির হয়েছিলেন তিনি। শুনানি শেষে আদালত তাঁর আবেদন নামঞ্জুর করেন।

দীর্ঘ অনুপস্থিতির কারণে এর আগেও রিয়াজকে ঘিরে সামাজিক মাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়েছে। এমনকি তাঁর মৃত্যুর খবরও ছড়িয়ে পড়েছিল। পরে তাঁর স্ত্রী সেটি ভিত্তিহীন বলে জানান।

২০২৪ সালের ৬ আগস্টও যুক্তরাষ্ট্র যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে গিয়েছিলেন রিয়াজ—এমন খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। তবে সে সময় তাঁকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়।

এরপর থেকে রিয়াজের বর্তমান অবস্থান নিয়ে নানা আলোচনা থাকলেও পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: