শাহরুখের যে জীবনমন্ত্র আজও মেনে চলেন অভিষেক বচ্চন

Pinky Saha Pinky Saha ৮ অক্টোবর ২০২৬, ৩:২৫ PM BST ২৮ বার পঠিত
শাহরুখের যে জীবনমন্ত্র আজও মেনে চলেন অভিষেক বচ্চন

ছবি: সংগৃহীত

বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে অভিষেক বচ্চনের সম্পর্ক শুধু সহশিল্পীর নয়, বরং স্নেহ ও শ্রদ্ধারও। অভিনয়জগতে পা রাখার আগেই শাহরুখের কাছ থেকে এমন একটি জীবনমন্ত্র পেয়েছিলেন অভিষেক, যা আজও তাঁর পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরোনো দিনের স্মৃতিচারণ করতে গিয়ে শাহরুখের সেই পরামর্শের কথা জানিয়েছেন অভিনেতা।

অভিষেক জানান, বলিউডে ক্যারিয়ার শুরুর আগে প্রতি রোববার যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়ার বাড়িতে ক্রিকেট খেলতে যেতেন তাঁরা। সেই আড্ডায় হৃতিক রোশন, উদয় চোপড়া ও সিকান্দার খেরের পাশাপাশি যোগ দিতেন শাহরুখ খানও। তরুণদের সঙ্গে বন্ধুর মতো মিশলেও শাহরুখ তাঁদের কাছে ছিলেন অভিভাবকের মতো। বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে অভিষেককে পথ দেখাতেন তিনি।

একদিন শাহরুখের কাছে তাঁর অভিনীত প্রিয় সিনেমার নাম জানতে চেয়েছিলেন অভিষেক। উত্তরে শাহরুখ বলেছিলেন, বর্তমানে যে সিনেমায় কাজ করছেন, সেটিই তাঁর সবচেয়ে প্রিয় হওয়া উচিত। কারণ, বর্তমান কাজকেই সেরা মনে করতে না পারলে সেই কাজ করার অর্থ নেই। অতীতের সাফল্য বা ব্যর্থতা নিয়ে পড়ে না থেকে বর্তমান কাজের প্রতি সম্পূর্ণ মনোযোগ দেওয়ার এই দর্শনই অভিষেকের মনে গভীরভাবে দাগ কেটেছে। অভিনেতা জানিয়েছেন, আজও নিজের কাজের ক্ষেত্রে শাহরুখের সেই পরামর্শ মেনে চলার চেষ্টা করেন তিনি।

এদিকে দীর্ঘ বিরতির পর পরিচালক সিদ্ধার্থ আনন্দের অ্যাকশনধর্মী সিনেমা ‘কিং’-এ আবারও একসঙ্গে দেখা যাবে শাহরুখ খান ও অভিষেক বচ্চনকে। সিনেমাটির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে শাহরুখ-কন্যা সুহানা খানেরও। এ ছাড়া ছবিতে কারিনা কাপুর খানের একটি বিশেষ নাচের দৃশ্যে অংশ নেওয়া নিয়ে গুঞ্জন রয়েছে। প্রতিবেদনে দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা বহুল আলোচিত সিনেমাটির।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: