সালমানের হুঁশিয়ারি মনে করিয়ে পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান

Pinky Saha Pinky Saha ১ অক্টোবর ২০২৬, ১:৪৬ PM BST ৩৩ বার পঠিত
সালমানের হুঁশিয়ারি মনে করিয়ে পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান

Photo Collected

মুম্বাইয়ে পাপারাজ্জিদের মুখোমুখি হয়ে সালমান খানের পুরোনো হুঁশিয়ারির কথা মনে করিয়ে দিলেন পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খান। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি মুম্বাইয়ের একটি স্থানে ফারাহকে দেখে ছবি তুলতে এগিয়ে যান কয়েকজন ফটোগ্রাফার। তখন তাদের ছবি তোলার ধরন নিয়ে সতর্ক করেন তিনি।

ছবি তোলার আবদার জানালে ফারাহ স্পষ্ট করে বলেন, কোনোভাবেই যেন অশোভন বা আপত্তিকর কোণ থেকে ছবি না তোলা হয়। এ সময় সালমানের বক্তব্যের প্রসঙ্গ টেনে রসিকতার সুরে, তবে দৃঢ়ভাবে তিনি বলেন, ‘সালমান ভাই পেছন থেকে ছবি তুলতে বারণ করেছেন, ঘুরুন, ঘুরুন।’

এর আগে ‘বিগ বস ২০’-এর একটি পর্বে পাপারাজ্জিদের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন সালমান খান। বিশেষ করে নারী তারকাদের অস্বস্তিকর বা অনাকাঙ্ক্ষিত অ্যাঙ্গেল থেকে ছবি তোলার সমালোচনা করেন তিনি। সাই মাঞ্জরেকর, নেহা ধুপিয়াসহ বিভিন্ন নারী তারকার এমন অভিজ্ঞতার প্রসঙ্গও তুলে ধরেন সালমান।

এ ধরনের ছবি তোলাকে তীব্রভাবে নিন্দা জানিয়ে সালমান প্রশ্ন তোলেন, তারকাদের ব্যক্তিগত পরিসর ও অস্বস্তির বিষয়টি উপেক্ষা করে পাপারাজ্জিরা কেন এমন ছবি তোলেন। এমন আচরণকে তিনি ‘জঘন্য মানসিকতা’ বলেও মন্তব্য করেন।

ফারাহ খানের সাম্প্রতিক মন্তব্যে ফের সামনে এসেছে পাপারাজ্জিদের ছবি তোলার ধরন নিয়ে বলিউড তারকাদের আপত্তির বিষয়টি। সালমানের বক্তব্য স্মরণ করিয়ে দিয়ে ফারাহও বুঝিয়ে দিয়েছেন, ছবি তোলার ক্ষেত্রে তারকার ব্যক্তিগত সীমারেখা ও সম্মান বজায় রাখা জরুরি।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: