Photo Collected
তারকাদের বয়স, ওজন, চেহারা কিংবা সন্তান জন্মের পর শরীরের পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য নতুন নয়। বিশেষ করে নারী তারকাদের বডি শেমিংয়ের শিকার হওয়ার ঘটনা নিয়ে এবার কথা বলেছেন অভিনেত্রী রিচা চাড্ডা। এ বিষয়ে সালমান খানের সাম্প্রতিক বক্তব্যের প্রশংসাও করেছেন তিনি।
‘বিগ বস ২০’-এর ‘উইকেন্ড কা ভার’ পর্বে কাউকে নির্দিষ্ট করে নাম না নিয়ে অনলাইন ট্রলিংয়ের প্রবণতা নিয়ে কথা বলেন সালমান। মানুষের ওজন, চেহারা, পরিবার, হাসি, ক্যারিয়ারে ব্যর্থতা কিংবা মা হওয়ার মতো বিষয় নিয়েও কটাক্ষ করার প্রবণতার সমালোচনা করেন তিনি।
সালমানের এই বক্তব্যের পর ‘নিউজ১৮’-কে দেওয়া সাক্ষাৎকারে প্রতিক্রিয়া জানান রিচা। তিনি বলেন, আগে সালমানের বক্তব্যটি তাঁর জানা ছিল না। পরে বিষয়টি জানতে পেরে অভিনেতার প্রশংসা করেন তিনি। রিচার ভাষায়, ‘এটা দারুণ ব্যাপার। এমন কথা বলা সত্যিই বড় মনের পরিচয়।’
এরপর নারীদের শরীর নিয়ে পুরুষদের মন্তব্যের প্রবণতা নিয়েও কথা বলেন রিচা। তাঁর মতে, সন্তান জন্ম দেওয়ার অভিজ্ঞতার গভীরতা পুরুষদের পক্ষে পুরোপুরি উপলব্ধি করা সম্ভব নয়। অন্যের শরীর নিয়ে যারা মন্তব্য করেন, তাদের অনেকেই নিজের শরীর নিয়েই অসন্তুষ্ট বলেও মন্তব্য করেন তিনি।
রিচার বক্তব্যের প্রসঙ্গ এসেছে এমন এক সময়ে, যখন সন্তান জন্মের পর অভিনেত্রী ক্যাটরিনা কাইফের চেহারা ও শরীরের পরিবর্তন নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য দেখা যায়। তবে সালমান তাঁর বক্তব্যে কারও নাম উল্লেখ করেননি।
নারীর শরীর নিয়ে সামাজিক চাপের বিষয়টি রিচার জন্যও নতুন নয়। ক্যারিয়ারের শুরুর দিকে নিজের শরীরের গড়ন ও চেহারা নিয়ে নানা প্রত্যাশা এবং চাপের মুখোমুখি হওয়ার কথা বিভিন্ন সময়ে জানিয়েছেন এই অভিনেত্রী।