ছবি: সংগৃহীত
সহ-অভিনেতার সঙ্গে কাজের ক্ষেত্রে ব্যক্তিগত সম্পর্কের চেয়ে পেশাদারিত্বকেই বেশি গুরুত্ব দেন অভিনেত্রী শাহনাজ গিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, কোনো সহ-অভিনেতা তাকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগলে তিনি কীভাবে পরিস্থিতি সামলান।
জবাবে শাহনাজ বলেন, কেউ তাকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগলে তিনি ওই ব্যক্তির কাছ থেকে দূরত্ব বজায় রাখেন। সে ক্ষেত্রে অভিনয়ের বাইরে আর কোনো ধরনের সম্পর্ক রাখেন না বলেও জানান তিনি।
শাহনাজের ভাষায়, ‘আমাকে নিয়ে কেউ নিরাপত্তাহীনতায় ভুগলে, আমি তার থেকে অনেক দূরেই থাকি। তখন শুধু অভিনয়টুকুই করি। অভিনয়ের বাইরে আর কোনো সম্পর্ক রাখি না।’
তবে সব সহ-অভিনেতার সঙ্গে তার অভিজ্ঞতা যে একই রকম, তা নয়। ‘সিংহ ভার্সেস কৌর ২’ ছবিতে গিপ্পি গ্রেবালের সঙ্গে কাজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে শাহনাজ জানান, দুজনের মধ্যে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক ছিল।
শাহনাজের দাবি, কাজের সময় তারা একে অপরকে নিয়মিত সহযোগিতা করেছেন। এমনকি ভবিষ্যতে নিজেদের কর্মজীবনে কীভাবে আরও এগিয়ে যাওয়া যায়, তা নিয়েও পরস্পরের সঙ্গে পরামর্শ করেছেন তারা।
অভিনেত্রীর মতে, কোনো সহকর্মীর মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হলে সেটি শুধু ব্যক্তিগত সম্পর্কের ওপর প্রভাব ফেলে না। এর প্রভাব সরাসরি কাজের পরিবেশ এবং সিনেমার ওপরও পড়তে পারে।
শাহনাজ বলেন, যেখানে এ ধরনের নিরাপত্তাহীনতা তৈরি হয় এবং কাজের পরিবেশ নষ্ট হয়ে যায়, সেখানে তার প্রভাব ছবির কাজের ওপরও পড়ে। তাই পেশাগত সম্পর্ককে স্বচ্ছ ও ইতিবাচক রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
যেভাবে পরিচিতি পান শাহনাজ
শাহনাজ গিলের অভিনয়জীবনের শুরু বড় পর্দায় নয়। ২০১৫ সালে পঞ্জাবি গানের ভিডিওতে তাকে দেখা যায়। এরপর ২০১৭ সালে ‘সৎ শ্রী আকাল ইংল্যান্ড’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার।
পরবর্তীতে একাধিক পঞ্জাবি সিনেমায় অভিনয় করেন শাহনাজ। তবে ২০১৯ সালে ‘বিগ বস ১৩’-তে অংশ নেওয়ার পর সারা ভারতে ব্যাপক পরিচিতি পান তিনি। রিয়েলিটি শোতে তার উপস্থিতি দর্শকদের মধ্যে তাকে জনপ্রিয় করে তোলে।
এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি শাহনাজকে। ২০২৩ সালে ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে অভিষেক হয় তার। পঞ্জাবি ইন্ডাস্ট্রি থেকে বলিউডে নিজের জায়গা তৈরি করার পাশাপাশি বিভিন্ন ধরনের কাজের মাধ্যমে অভিনয়জীবন এগিয়ে নিচ্ছেন এই অভিনেত্রী।