সিরাজগঞ্জে বজ্রপাতে মন্ত্রীর বাসভবনের গ্যাসলাইনে আগুন

Sharmin Sultana Sharmin Sultana ৯ সেপ্টেম্বর ২০২৬, ৬:১৯ PM BST রাজশাহী জেলা ২৫ বার পঠিত
সিরাজগঞ্জে বজ্রপাতে মন্ত্রীর বাসভবনের গ্যাসলাইনে আগুন

collected

সিরাজগঞ্জ পৌর শহরে বজ্রপাতের পর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নিজ বাসভবনের গ্যাসলাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একই সময়ে আশপাশের আরও দুটি ভবনের গ্যাসলাইনেও আগুন ধরে যায়।

বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা সোয়া ১টার দিকে শহরের হোসেনপুর আল-মাহমুদ সড়কে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বিজ্ঞাপন / ADVERTISEMENT রবি আজিয়াটা লিমিটেড

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এ সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত শুরু হয়। এর কিছুক্ষণ পর মন্ত্রীর বাসভবনের প্রধান ফটকের ডান পাশের দেয়ালসংলগ্ন প্রায় ১০ ফুট ভেতরে থাকা গ্যাসলাইনের রাইজারে আগুন ধরে যায়।

বাসভবনের নিরাপত্তাপ্রহরী শফিকুল ইসলাম বিষয়টি দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

জ্বালানিমন্ত্রীর সহকারী একান্ত সচিব আবু হেনা মোস্তফা নোমান বলেন, বজ্রপাতের পর হঠাৎ গ্যাসলাইনে আগুন ধরে যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুর রহমান জানান, মন্ত্রীর বাসভবনের পাশাপাশি হোসেনপুর বাগানবাড়ি এলাকার আরও দুটি ভবনের গ্যাসলাইনেও বজ্রপাতের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে কিছুটা ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

বিজ্ঞাপন / ADVERTISEMENT মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
শেয়ার করুন: