সম্পদ কমেছে ২ হাজার ৪৯০ কোটি, তবু শীর্ষে শাহরুখ

Pinky Saha Pinky Saha ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২:৫৮ PM BST ২৪ বার পঠিত
সম্পদ কমেছে ২ হাজার ৪৯০ কোটি, তবু শীর্ষে শাহরুখ

ছবি: সংগৃহীত

এক বছরে আনুমানিক ২ হাজার ৪৯০ কোটি রুপি সম্পদ কমেছে শাহরুখ খানের। তবু ভারতের সবচেয়ে ধনী অভিনেতার অবস্থান ধরে রেখেছেন বলিউডের এই তারকা। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬-এর হিসাবে, শাহরুখের আনুমানিক মোট সম্পদের পরিমাণ এখন ১০ হাজার কোটি রুপি।

গত বছরের তালিকায় শাহরুখ খান ও তাঁর পরিবারের সম্পদের পরিমাণ ধরা হয়েছিল ১২ হাজার ৪৯০ কোটি রুপি। এক বছরের ব্যবধানে নতুন হিসাবে সেই অঙ্ক কমেছে ২ হাজার ৪৯০ কোটি রুপি, অর্থাৎ প্রায় ২০ শতাংশ। তবে সম্পদের এই পরিবর্তন তাঁর অভিনেতাদের তালিকায় শীর্ষ অবস্থানে কোনো প্রভাব ফেলেনি।

অভিনয়ের বাইরে ব্যবসায় বড় উপস্থিতি

শাহরুখ খানের সম্পদের হিসাব শুধু অভিনয় থেকে পাওয়া পারিশ্রমিকের ওপর নির্ভরশীল নয়। তাঁর ব্যবসায়িক সাম্রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। স্ত্রী গৌরী খানের সঙ্গে প্রতিষ্ঠানটি পরিচালনা করেন তিনি। চলচ্চিত্র প্রযোজনার পাশাপাশি ভিজ্যুয়াল ইফেক্টসের ব্যবসার সঙ্গেও যুক্ত প্রতিষ্ঠানটি।

ক্রীড়া ব্যবসাতেও শাহরুখের বড় উপস্থিতি রয়েছে। নাইট রাইডার্স স্পোর্টসের সঙ্গে তাঁর সম্পৃক্ততা রয়েছে, যার অধীনে কলকাতা নাইট রাইডার্সসহ বিভিন্ন ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি রয়েছে। ফলে অভিনয়ের পাশাপাশি বিনোদন ও ক্রীড়া ব্যবসাও তাঁর সম্পদের গুরুত্বপূর্ণ ভিত্তি।

তবে হুরুনের প্রকাশিত সম্পদের অঙ্ককে সরাসরি নগদ অর্থ হিসেবে দেখার সুযোগ নেই। ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান, বিনিয়োগ, সম্পত্তি ও অন্যান্য সম্পদের আনুমানিক মূল্য বিবেচনায় নিয়ে এই হিসাব করা হয়। ফলে বছরভেদে একজনের সম্পদের অঙ্কে পার্থক্য দেখা যেতে পারে।

চলতি বছরের শুরুতে প্রকাশিত হুরুন গ্লোবাল রিচ লিস্টেও শাহরুখের সম্পদের পরিমাণ ১০ হাজার ৮০০ কোটি রুপি ধরা হয়েছিল।

অমিতাভের সম্পদ বেড়েছে

২০২৬ সালের তালিকায় অভিনেতাদের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছেন অমিতাভ বচ্চন। তাঁর আনুমানিক সম্পদের পরিমাণ ৪ হাজার কোটি রুপি।

২০২৫ সালের তালিকায় অমিতাভ ও তাঁর পরিবারের সম্পদ ধরা হয়েছিল ১ হাজার ৬৩০ কোটি রুপি। ফলে এক বছরের ব্যবধানে প্রকাশিত হিসাবের অঙ্কে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে।

অমিতাভের সম্পদের উৎস শুধু দীর্ঘ অভিনয়জীবনের আয় নয়। বিভিন্ন বিনিয়োগ, স্থাবর সম্পত্তি এবং পরিবারের আর্থিক ব্যবস্থাপনার আওতাধীন সম্পদও এর সঙ্গে যুক্ত।

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন সালমান খান। ২০২৬ সালের হিসাবে তাঁর আনুমানিক সম্পদের পরিমাণ ৩ হাজার কোটি রুপি। ২০২৫ সালের তালিকায় সালমানের নাম ছিল না। ফলে এবার তাঁর অন্তর্ভুক্তিও তালিকার উল্লেখযোগ্য পরিবর্তন।

চতুর্থ অবস্থানে রয়েছেন হৃতিক রোশন। তাঁর আনুমানিক সম্পদের পরিমাণ ২ হাজার ৫০০ কোটি রুপি। গত বছর তাঁর সম্পদের হিসাব ছিল ২ হাজার ১৬০ কোটি রুপি। অভিনয়ের পাশাপাশি হৃতিকের ফিটনেস ও জীবনযাপনভিত্তিক ব্র্যান্ড এইচআরএক্স তাঁর ব্যবসায়িক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ।

তালিকায় নেই জুহি চাওলা, করণ জোহর

২০২৫ সালের তালিকার সঙ্গে তুলনা করলে আরও একটি পরিবর্তন চোখে পড়ে। গত বছর বলিউডের ধনী ব্যক্তিদের তালিকায় শাহরুখের পরেই ছিলেন জুহি চাওলা ও তাঁর পরিবার। তাঁদের সম্পদের পরিমাণ ধরা হয়েছিল ৭ হাজার ৭৯০ কোটি রুপি। কিন্তু ২০২৬ সালের অভিনেতাদের তালিকায় জুহি চাওলার নাম নেই।

একইভাবে গত বছরের তালিকায় ১ হাজার ৮৮০ কোটি রুপি সম্পদ নিয়ে ছিলেন পরিচালক ও প্রযোজক করণ জোহর। এবার তিনিও তালিকায় নেই।

জুহি চাওলার সম্পদের সঙ্গে নাইট রাইডার্স স্পোর্টসের ব্যবসায়িক সম্পর্ক গুরুত্বপূর্ণ। অন্যদিকে করণ জোহরের সম্পদের অন্যতম ভিত্তি ধর্মা প্রোডাকশনস। ফলে ২০২৬ সালের তালিকায় তাঁদের অনুপস্থিতি গত বছরের হিসাবের সঙ্গে পার্থক্য তৈরি করেছে।

সিনেমার বাইরেও সম্পদের বিস্তার

হুরুনের তালিকা বলিউড তারকাদের সম্পদের পাশাপাশি চলচ্চিত্র ঘিরে গড়ে ওঠা ব্যবসার বিস্তৃত চিত্রও সামনে আনে। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা প্রতিষ্ঠান, ক্রীড়া ফ্র্যাঞ্চাইজি, ব্র্যান্ড ও বিনিয়োগের মাধ্যমে তারকারা নিজেদের ব্যবসায়িক পরিধি বাড়াচ্ছেন।

চলচ্চিত্র ব্যবসার সঙ্গে যুক্ত আরও কয়েকজন ধনী ব্যক্তির নামও রয়েছে তালিকায়। ‘রামায়ণ’-এর প্রযোজক নমিত মালহোত্রার বাবা নরেশ মালহোত্রার আনুমানিক সম্পদের পরিমাণ ১৬ হাজার কোটি রুপি। এ ছাড়া টি-সিরিজের ভূষণ কুমার, রনি স্ক্রুওয়ালা ও সান পিকচার্সের কালানিথি মারানের মতো প্রযোজকেরাও তালিকায় রয়েছেন।

এদিকে বড় পর্দায়ও শাহরুখের প্রত্যাবর্তনের প্রস্তুতি চলছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় তাঁর সঙ্গে অভিনয় করছেন মেয়ে সুহানা খান। ছবিতে আরও রয়েছেন দীপিকা পাড়ুকোন, রানী মুখার্জি, অভিষেক বচ্চন, রাঘব জুয়াল, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ার্সি ও জ্যাকি শ্রফ। ছবিটি ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।a

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: