ব্রেকিং

সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও ঘোষণাপত্র অন্তর্ভুক্তির প্রস্তাব

Sumon Biswas Sumon Biswas ৭ অক্টোবর ২০২৬, ১:১০ PM BST ২৬ বার পঠিত
সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও ঘোষণাপত্র অন্তর্ভুক্তির প্রস্তাব

জুলাই গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি, ঘোষণাপত্র স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভুক্তি, জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা এবং গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন শহিদ পরিবারের প্রতিনিধি ও আহত জুলাই যোদ্ধারা।

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও ঘোষণাপত্র সংবিধানে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন শহিদ পরিবারের প্রতিনিধি ও আহত জুলাই যোদ্ধারা। একই সঙ্গে জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা, গণঅভ্যুত্থানকালে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দ্রুত বিচার এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন তারা।

মঙ্গলবার (৬ অক্টোবর) সংসদ ভবনের কেবিনেট কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ষষ্ঠ বৈঠকে এসব প্রস্তাব উঠে আসে। কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে অংশ নেওয়া শহিদ পরিবারের প্রতিনিধি ও আহত জুলাই যোদ্ধারা জুলাই গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানান। একই সঙ্গে জুলাই ঘোষণাপত্রকে সংবিধানের উপযুক্ত অংশে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন তারা।

এ ছাড়া জুলাই যোদ্ধাদের বিভিন্ন ধরনের হয়রানি ও আইনগত জটিলতা নিরসনের পাশাপাশি তাদের জন্য আইনি সুরক্ষা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করেন অংশগ্রহণকারীরা।

বৈঠকে গণঅভ্যুত্থানকালে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়। আহত জুলাই যোদ্ধাদের প্রয়োজনীয় চিকিৎসা এবং পুনর্বাসনের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

সংবিধান সংস্কারের বিষয়ে বৈঠকে আরও বেশ কিছু প্রস্তাব উঠে আসে। এর মধ্যে বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা শক্তিশালী করার বিষয়টি ছিল অন্যতম। পাশাপাশি সংবিধানের গুরুত্বপূর্ণ বিধান পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান রাখার প্রস্তাবও দেওয়া হয়।

রাজনীতিতে নারীদের অংশগ্রহণ ও নিরাপত্তার বিষয়েও মতামত দেন বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধিরা। নারীদের জন্য নিরাপদ ও বৈষম্যহীন রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তারা।

বৈঠকে আমন্ত্রিত অতিথিদের উত্থাপিত প্রস্তাবগুলো কমিটির বিবেচনার জন্য গ্রহণ করা হয়েছে। আলোচনার বাইরে কারও কোনো লিখিত প্রস্তাব থাকলে তা কমিটির কাছে পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

বৈঠকে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নূরুল হক, সাকিলা ফারজানাসহ কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: