collected
জাতীয় সংসদে ব্যাপক হট্টগোলের কারণে সংসদ সদস্য রুমিন ফারহানা কী বক্তব্য দিয়েছেন, তা কিছুই শুনতে বা বুঝতে পারেননি বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, সংসদের প্রতিটি সদস্যের বক্তব্য শোনার সুযোগ নিশ্চিত করা যেমন দায়িত্ব, তেমনি নিজের মত প্রকাশের অধিকারও প্রত্যেক সংসদ সদস্যের রয়েছে। কোনো সদস্যের বক্তব্যকে কেন্দ্র করে সংসদে বিশৃঙ্খলা সৃষ্টি বা তাকে কথা বলতে বাধা দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
শফিকুর রহমান বলেন, কোনো সংসদ সদস্যের বক্তব্যে অনাকাঙ্ক্ষিত বা অসংসদীয় কোনো বক্তব্য থাকলে স্পিকারের আসন থেকে রুলিং দেওয়া যেতে পারে। প্রয়োজন মনে করলে সংশ্লিষ্ট মন্ত্রীও ওই বক্তব্যের জবাব দিতে পারেন।
তবে কোনো সংসদ সদস্যের বক্তব্য সম্পূর্ণভাবে ঢেকে দেওয়া কিংবা তাকে কথা বলার সুযোগ না দেওয়া সংসদীয় রীতিনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেন তিনি।
সংসদে মতপ্রকাশের স্বাধীনতা এবং সংসদীয় কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে স্পিকারের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা। একই সঙ্গে এ ধরনের পরিস্থিতির প্রতিকারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।