ব্রেকিং

শ্রীপুরে এনসিপি নেতাকে গ্রেপ্তার, পুলিশ বলছে আগের সন্ত্রাসবিরোধী মামলার আসামি

Sharmin Sultana Sharmin Sultana ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ AM BST গাজীপুর ২০ বার পঠিত
শ্রীপুরে এনসিপি নেতাকে গ্রেপ্তার, পুলিশ বলছে আগের সন্ত্রাসবিরোধী মামলার আসামি

collected

গাজীপুরের শ্রীপুরে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ‘গালাগালসহ আপত্তিকর পোস্ট’ দেওয়ার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আশরাফুল ইসলাম ওরফে সজলকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে নয়, সন্ত্রাসবিরোধী আইনে করা একটি আগের মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে আশরাফুলকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার বরামা গ্রামের ইমতিয়াজ উদ্দীনের ছেলে এবং এনসিপির শ্রীপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য বলে দলটির উপজেলা আহ্বায়ক আবু রায়হান মেজবাহ জানিয়েছেন।

আশরাফুলের গ্রেপ্তারের পর তাঁর দলীয় নেতা ও পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কয়েক দিন আগে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন। পরে অন্যদের অনুরোধে পোস্টটি মুছে দেন। তাঁর মা আসমা আক্তার দাবি করেন, পুলিশ তাঁকে জানিয়েছে, বিদ্যুৎ বিল নিয়ে পোস্ট ও মন্তব্যের কারণেই তাঁর ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশ এ দাবি অস্বীকার করেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে অভিযান চালিয়ে আশরাফুলকে গ্রেপ্তার করা হয়েছে। কোনো ফেসবুক স্ট্যাটাসের জন্য তাঁকে গ্রেপ্তার করা হয়নি। তাঁর ভাষ্য অনুযায়ী, আশরাফুলকে গ্রেপ্তারের পর বিভিন্ন মাধ্যমে তাঁর ফেসবুক পোস্টের বিষয়টি পুলিশ জানতে পারে। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর রাতে শ্রীপুরের জৈনাবাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা মশালমিছিল করেন। ওই ঘটনায় করা মামলায় আশরাফুলকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে আশরাফুলের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে এনসিপির স্থানীয় নেতারা। উপজেলা আহ্বায়ক আবু রায়হান মেজবাহ গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তাঁর মুক্তি দাবি করেছেন। তাঁর দাবি, আশরাফুলের গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার রাতে বরমী বাজারে দলের পক্ষ থেকে মিছিলও করা হয়েছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: