Photo Collected
আর কয়েক দিন পরই শুরু হচ্ছে দুর্গাপূজা। উৎসবকে ঘিরে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে একাধিক সিনেমা। তবে দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে দেব ও শুভশ্রী গাঙ্গুলীর ‘দেশু ৭’। দীর্ঘদিন পর বড়পর্দায় এই জুটিকে দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা। এরই মধ্যে সিনেমাটির প্রচারণাও চলছে জোরকদমে।
সম্প্রতি ‘দেশু ৭’-এর প্রচারণায় ত্রিপুরায় হাজির হন দেব ও শুভশ্রী। আগরতলা বিমানবন্দরে দুই তারকাকে স্বাগত জানাতে ভিড় করেন অসংখ্য ভক্ত। পরে আগরতলার চিলড্রেনস পার্কে সিনেমাটির বিশেষ প্রচারণা ও লাইভ অনুষ্ঠানে অংশ নেন তারা।
অনুষ্ঠানে ককবরক ভাষাতেও কথা বলতে দেখা যায় শুভশ্রীকে। তবে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল দেব-শুভশ্রীর রসায়ন। ‘দেশু ৭’-এর গান ‘তোর শুধু তোর’-এ একসঙ্গে পারফর্ম করেন তারা। পারফরম্যান্সের একপর্যায়ে মঞ্চেই শুভশ্রীর কপালে চুমু দেন দেব। সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।
ভিডিওটি দেখে নানা ধরনের মন্তব্য করছেন নেটিজেনরা। কেউ দেব-শুভশ্রীর রসায়নের প্রশংসা করেছেন, আবার কেউ মজা করে লিখেছেন, ‘রাজ বেচারা এসব দেখলে দুঃখে মরেই যাবে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘এরা জানে বাঙালি কী খায়। এরা সেটাই দিচ্ছে।’ অনেকেই দেব-শুভশ্রীর জুটিকে ঘিরে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
এর আগে দেব নিজেও তাদের ঘিরে সামাজিক মাধ্যমে নানা মন্তব্য নিয়ে কথা বলেছিলেন। অভিনেতার দাবি, দেব-শুভশ্রীকে নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে সাবেকের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতেও তিনি ভয় পাচ্ছেন। দুজন নিজেদের সম্পর্ক স্বাভাবিক রাখার চেষ্টা করলেও আশপাশের মানুষের নানা মন্তব্যে সেটি কঠিন হয়ে উঠছে বলেও জানিয়েছিলেন তিনি। এমনকি এ ধরনের পরিস্থিতির কারণে সিনেমার প্রচারণা নিয়েও অস্বস্তির কথা বলেছিলেন দেব।
উল্লেখ্য, ২০২৫ সালে মুক্তি পাওয়া ‘ধূমকেতু’ সিনেমার মাধ্যমে দেব-শুভশ্রী জুটিকে নিয়ে দর্শকদের আগ্রহ নতুন করে সামনে আসে। এরপর ২০২৬ সালের পূজায় নতুন সিনেমা নিয়ে আসার পরিকল্পনা থেকে শুভশ্রীর সঙ্গে জুটি বাঁধেন দেব। শুরুতে সিনেমাটির গল্প বা নাম কিছুই ঠিক হয়নি। শুধু দুজনের জুটি হিসেবে এটি তাদের সপ্তম সিনেমা হওয়ায় ‘দেশু ৭’ নামে উল্লেখ করা হয়েছিল। পরবর্তী সময়ে সেই নামই সিনেমার চূড়ান্ত নাম হিসেবে রাখা হয়।