সুপারহিরো চরিত্রে আমির খান, চলছে নির্মাতাদের সঙ্গে আলোচনা

Pinky Saha Pinky Saha ১৫ সেপ্টেম্বর ২০২৬, ২:০১ PM BST ২৭ বার পঠিত
সুপারহিরো চরিত্রে আমির খান, চলছে নির্মাতাদের সঙ্গে আলোচনা

ছবি: সংগৃহীত

বলিউডে ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের জন্য বরাবরই আলোচনায় থাকেন আমির খান। এবার আরও ভিন্ন এক অবতারে পর্দায় হাজির হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এই অভিনেতার সামনে। প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা ও নির্মাতা আর বাল্কির সম্ভাব্য নতুন সুপারহিরো সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের জন্য আমির খানের সঙ্গে আলোচনা চলছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে।

প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, সিনেমাটির কাজ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। বর্তমানে গল্প ও চিত্রনাট্য তৈরির কাজ চলছে। ‘বলিউড হাঙ্গামা’র এক প্রতিবেদনের দাবি, প্রস্তাবটি ইতিবাচকভাবেই নিয়েছেন আমির। তবে এখনো আনুষ্ঠানিকভাবে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হননি তিনি।

জানা গেছে, আগামী কয়েক মাস সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও মূল চরিত্রের নকশা তৈরিতে মনোযোগ দেবেন নির্মাতারা। বড় বাজেটের এই প্রকল্পের ক্ষেত্রে শুটিং শুরুর আগে প্রাক্‌-প্রযোজনার কাজ ও আমিরের চরিত্রের লুক নির্ধারণে পর্যাপ্ত সময় নেওয়ার পরিকল্পনা রয়েছে। চিত্রনাট্য পুরোপুরি প্রস্তুত হওয়ার পরই সিনেমাটিতে অভিনয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আমির।

প্রকল্পটি চূড়ান্ত হলে সাজিদ নাদিয়াদওয়ালা ও আর বাল্কি—দুজনের সঙ্গেই এটিই হবে আমির খানের প্রথম কাজ। সাজিদের সঙ্গে আমিরের দীর্ঘদিনের বন্ধুত্ব থাকলেও এর আগে তাঁরা একসঙ্গে কোনো সিনেমায় কাজ করেননি।

অন্যদিকে ভিন্নধর্মী গল্প ও নির্মাণশৈলীর জন্য বলিউডে আলাদা পরিচিতি তৈরি করেছেন আর বাল্কি। ‘চীনি কম’, ‘পা’, ‘কী অ্যান্ড কা’, ‘প্যাড ম্যান’ এবং ‘চুপ: রিভেঞ্জ অব দ্য আর্টিস্ট’-এর মতো সিনেমা নির্মাণ করেছেন তিনি।

তিন খান—শাহরুখ খান, সালমান খান ও আমির খানকে নিয়ে সিনেমা নির্মাণের প্রসঙ্গে ২০১৭ সালের এক সাক্ষাৎকারে রসিকতা করেছিলেন আর বাল্কি। তাঁদের নিয়ে সিনেমা বানানোর পরিকল্পনা করলে কাজ শুরু করতে করতেই তিনি বুড়িয়ে যাবেন—এমন মন্তব্য করে বরং বাস্তবসম্মতভাবে কাজ করার কথা বলেছিলেন তিনি।

এদিকে আমির খানকে ঘিরে ‘রেস ৪’ নিয়েও আলোচনা চলছে। তবে সুপারহিরো সিনেমা ও ‘রেস ৪’—দুটিই এখনো চূড়ান্ত হয়নি এবং আলোচনার পর্যায়েই রয়েছে।

অন্যদিকে আমিরের পরবর্তী নিশ্চিত সিনেমা হিসেবে রয়েছে আশুতোষ গোয়ারিকরের ঐতিহাসিক স্পোর্টস ড্রামা ‘ললকারা’। ১৯৫২ সালের ভারত-পাকিস্তান টেস্ট সিরিজের প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটির শুটিং ২০২৬ সালের নভেম্বরে শুরু হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া রাজকুমার হিরানির ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল নিয়েও পরবর্তী সময়ে কাজ করার কথা রয়েছে আমির খানের। সব মিলিয়ে একাধিক সম্ভাব্য প্রকল্প নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলিউডের এই তারকা অভিনেতা।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: