Photo Collected
৮৩ বছর বয়সেও কাজের ব্যস্ততা কমেনি বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের। তবে এবার শুটিংয়ের সময় পড়ে গিয়ে বাঁ হাঁটুতে চোট পেয়েছেন তিনি। সেই কারণে জনপ্রিয় কুইজ অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি’র (কেবিসি) একটি পর্বে শুরু থেকেই সঞ্চালকের চেয়ারে বসে থাকতে দেখা গেছে তাকে।
সাধারণত দাঁড়িয়ে কিংবা স্বাভাবিক ভঙ্গিতে মঞ্চে এসে পর্বের সূচনা করেন অমিতাভ বচ্চন। কিন্তু এবার মঞ্চে এসেই নির্ধারিত আসনে বসে পড়েন তিনি। বিগ বি-কে এভাবে বসে থাকতে দেখে উপস্থিত দর্শকদের মধ্যে তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়।
বিষয়টি পরিষ্কার করতে অমিতাভ নিজেই তাঁর বাঁ হাঁটুর দিকে ইঙ্গিত করেন। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আগের দিন একটি শুটিং চলাকালে হঠাৎ পিছলে পড়ে যান তিনি। এতে বাঁ হাঁটুতে আঘাত পান এই অভিনেতা।
চোটের কারণে দীর্ঘ সময় সোজা হয়ে দাঁড়িয়ে থাকা তাঁর জন্য কষ্টকর হয়ে পড়েছে। তাই বাধ্য হয়েই বসে থেকে পর্বের মনোলগ শুরু করেন তিনি। তবে দর্শক ও ভক্তদের আশ্বস্ত করে অমিতাভ জানান, তাঁর চোট নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই এবং আঘাত গুরুতর নয়।
প্রতিযোগীদের অভ্যর্থনা জানানোর সময় অবশ্য নিজের পেশাদারত্বের পরিচয় দেন বিগ বি। তিনি জানান, প্রতিযোগীদের স্বাগত জানানোর সময় যথারীতি দাঁড়িয়েই তাঁদের বরণ করবেন। তাঁর এমন মানসিকতা ও পেশাদারত্বে মুগ্ধ হয়ে সেটে উপস্থিত সবাই করতালি দিয়ে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।