ছবি: সংগৃহীত
আধ্যাত্মিক নেতা বাবা নিম করোলির জীবন ও শিক্ষাকে কেন্দ্র করে নির্মিত স্বল্প বাজেটের সিনেমা ‘হনুমান অংশ’ বক্স অফিসে বড় সাফল্য পেয়েছে। মাত্র ১ কোটি ৭৫ লাখ রুপি বাজেটে নির্মিত সিনেমাটির বিশ্বব্যাপী গ্রস আয় ২০০ কোটি রুপির মাইলফলক ছাড়িয়ে বর্তমানে ২০৫ কোটি ১৫ লাখ রুপিতে দাঁড়িয়েছে। ভারতে সিনেমাটির নিট আয় ১৭৩ কোটি ৬৩ লাখ রুপি।
মুক্তির শুরুতে অবশ্য খুব একটা সুবিধা করতে পারেনি ‘হনুমান অংশ’। ‘বাটওয়ারা ১৯৪৭’ ও ‘আওয়ারাপন ২’ মুক্তির পর সিনেমাটির প্রদর্শনী কমে মাত্র ২৫টি প্রেক্ষাগৃহে নেমে আসে। পরে ‘বাটওয়ারা ১৯৪৭’ প্রত্যাশিত ব্যবসা করতে ব্যর্থ হওয়ায় ধীরে ধীরে ‘হনুমান অংশ’-এর প্রদর্শনী বাড়তে থাকে। পাশাপাশি দর্শকদের আগ্রহও বাড়ে এবং প্রেক্ষাগৃহে ভিড় দেখা যায়।
বিশাল চতুর্বেদীর লেখা ও পরিচালনায় নির্মিত সিনেমাটি উত্তরাখণ্ডের শ্রদ্ধেয় সাধক বাবা নিম করোলির জীবন ও আধ্যাত্মিক দর্শনকে ঘিরে তৈরি। গল্পে দেখা যায়, মায়ের মৃত্যুর পর শোকাহত লক্ষ্মণ নারায়ণ শর্মা ঈশ্বরের সন্ধানে আধ্যাত্মিক যাত্রায় বেরিয়ে পড়েন। জীবনের নানা প্রশ্নের উত্তর খুঁজতে উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়ানোর পর একসময় তিনি নিম করোলি বাবায় রূপান্তরিত হন।
ভালোবাসা, সেবা ও সহমর্মিতার মাধ্যমে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তনের যে শিক্ষা নিম করোলি বাবা দিয়েছেন, সিনেমাটিতে সেই দর্শনই তুলে ধরা হয়েছে। প্রধান চরিত্রে অভিনয় করেছেন শোভিনব সত্য। আরও রয়েছেন ভিহান শেডগে, চন্দন কে আনন্দ, পূর্ণিমা তিওয়ারি, অনিল রাস্তোগি, গুলশান পাণ্ডে ও ভাগবনদাস প্যাটেল।
সিনেমাটির প্রচারণায় ব্যস্ত থাকতে গিয়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন পরিচালক বিশাল চতুর্বেদী। পরবর্তী পরিকল্পনা সম্পর্কে তিনি জানিয়েছেন, মুম্বাইয়ে গণেশ উৎসব শুরু হওয়ায় উৎসব চলাকালে বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে বাপ্পার প্রতি কৃতজ্ঞতা জানাবেন।
‘হনুমান অংশ’-এর এই সাফল্য বিশেষভাবে আলোচনায় এসেছে সিনেমাটির স্বল্প নির্মাণ ব্যয়ের কারণে। সীমিত বাজেটে নির্মিত একটি আধ্যাত্মিক গল্প কীভাবে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে বড় বক্স অফিস সাফল্য অর্জন করতে পারে, সিনেমাটির ব্যবসা তারই উদাহরণ হয়ে উঠেছে।