collected
বৃষ্টির মধ্যে সাতক্ষীরার শ্যামনগর সীমান্তে কালিন্দী নদী দিয়ে অন্তত ১০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)—এমন দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে বলে বিজিবি সূত্রে জানা গেছে। খবর পেয়ে বিজিবির সদস্যরা স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। পরে বিএসএফ তাঁদের নিয়ে ভারতের দিকে ফিরে যায়।
বিষয়টি নিশ্চিত করে নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আবদুল্লাহ বলেন, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের ঠেলে পাঠানোর চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হচ্ছে। এ জন্য সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি, টহল ও অপারেশনাল কার্যক্রম জোরদার করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, ব্যাটালিয়নের আওতাধীন এলাকা থেকে দক্ষিণে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে কালিন্দী নদীর চর এলাকায় ওই ব্যক্তিদের নিয়ে আসে বিএসএফ। ভারতের ৭৭ বিএসএফ ব্যাটালিয়নের চর সাহেবখালী ক্যাম্পের সদস্যরা এ সময় একটি নৌকা ও একটি স্পিডবোট ব্যবহার করেন বলে বিজিবির দাবি।
বিষয়টি দেখতে পেয়ে বিজিবির টহল দল ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়। পরে বৃষ্টির মধ্যেই বিজিবির সদস্যরা স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। বিজিবির সদস্যদের অবস্থানের কারণে ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশ করানো সম্ভব হয়নি।
বিজিবির ভাষ্য অনুযায়ী, শুক্রবার বেলা ১১টার দিকে বিএসএফ সদস্যরা ১০ থেকে ১২ জনকে নিয়ে ভারতের দিকে ফিরে যান।
বিজিবির কাছ থেকে পাওয়া ২৭ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, প্রচণ্ড বৃষ্টির মধ্যে সীমান্তের জলসীমায় দুটি নৌযান পাশাপাশি অবস্থান করছে। একটি নৌযানে রেইনকোট পরা ও অস্ত্রধারী বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। অপর নৌযানে কয়েকজন ব্যক্তি ছিলেন। পরে বিজিবির সদস্যদের ওই নৌযানের দিকে এগিয়ে যেতে দেখা যায়।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় এ ধরনের ঘটনা ঠেকাতে নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।