তেঁতুলিয়ায় জেলেদের জালে ১২ ফুটের অজগর, পাঠানো হলো সিংড়া উদ্যানে

Sharmin Sultana Sharmin Sultana ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২:৫৮ PM BST রংপুর ২৭ বার পঠিত
তেঁতুলিয়ায় জেলেদের জালে ১২ ফুটের অজগর, পাঠানো হলো সিংড়া উদ্যানে

collected

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা এলাকায় মহানন্দা নদীতে মাছ ধরার সময় স্থানীয় কয়েকজনের জালে প্রায় ১২ ফুট লম্বা একটি অজগর উঠে এসেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ভারতীয় সীমান্তঘেঁষা নদী থেকে অজগরটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে কয়েকজন স্থানীয় বাসিন্দা জাল নিয়ে মহানন্দা নদীতে মাছ ধরতে যান। একপর্যায়ে তাদের জালে বড় একটি সাপ আটকা পড়ে। বিষয়টি বুঝতে পেরে তারা চিৎকার করলে আশপাশের লোকজন সেখানে জড়ো হন। পরে সাপটি অজগর বলে শনাক্ত করা হয়।

বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য রাশিদা পারভীন জানান, অজগরটি দেখতে পাওয়ার পর বন বিভাগকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করেন।

বন বিভাগের তেঁতুলিয়া উপজেলা কার্যালয়ের বিট কর্মকর্তা নূরুল হুদা জানান, উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং ওজন আনুমানিক ১০ থেকে ১২ কেজি। অজগরটি উদ্ধারের পর সেটিকে নিরাপদ স্থানে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়।

নূরুল হুদা আরও জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার বিকেলে অজগরটিকে দিনাজপুরের সিংড়া জাতীয় উদ্যানে পাঠানো হয়েছে। সেখানে অজগরটির নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হবে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: