collected
ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া ছয় প্রার্থীরই মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জেলা নির্বাচন কার্যালয়ে যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম এ ঘোষণা দেন।
বৈধ প্রার্থীরা হলেন বিএনপির মির্জা ফয়সল আমীন ও ওবায়দুল্লাহ মাসুদ, জামায়াতে ইসলামী মনোনীত দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম জানান, প্রার্থীদের কাগজপত্র যাচাই-বাছাই করে কোনো অসঙ্গতি পাওয়া যায়নি। তাই ছয়জনের মনোনয়নই বৈধ ঘোষণা করা হয়েছে। প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলা এবং কোনো ধরনের সহিংসতায় না জড়ানোর বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৯ অক্টোবর।
এর আগে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়। জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে, তিনি ২১ আগস্ট রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করায় সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী আসনটি শূন্য হয়।