ছবি: সংগৃহীত
দক্ষিণী সিনেমার দুই জনপ্রিয় তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার সঙ্গে একফ্রেমে দেখা গেল থালাপতি বিজয়কে। আসন্ন সিনেমা ‘রণবাগী’র মুক্তির আগে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়ের সঙ্গে তাঁদের এই সাক্ষাৎ সামাজিক মাধ্যমে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। সিনেমার প্রচারের পাশাপাশি প্রিয় তারকা ও অনুপ্রেরণাদায়ী নেতার প্রতি শ্রদ্ধা জানাতেই এই বিশেষ সাক্ষাৎ বলে জানা গেছে।
পরিচালক রাহুল সাংকৃত্যায়নের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রণবাগী’ শুক্রবার (১৬ অক্টোবর) প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। ১৮৭৬ থেকে ১৮৭৮ সালের মাদ্রাজ দুর্ভিক্ষের পটভূমিতে নির্মিত সিনেমাটিতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে এক সাধারণ মানুষের সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে।
সিনেমায় সিঙ্গারামালা ববিলি ‘রণবাগী’ চরিত্রে অভিনয় করেছেন বিজয় দেবেরাকোন্ডা। তাঁর স্ত্রীর চরিত্র জয়াম্মার ভূমিকায় রয়েছেন রাশমিকা মান্দানা। সিনেমার মুক্তি ঘিরে প্রচারণার অংশ হিসেবে থালাপতি বিজয়ের সঙ্গে তাঁদের সাক্ষাৎ বিনোদন অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
সাক্ষাতের মুহূর্তগুলো সামাজিক মাধ্যমে শেয়ার করে নিজেদের অনুভূতির কথাও জানিয়েছেন দুই তারকা। রাশমিকা লিখেছেন, দীর্ঘদিন ধরে তিনি থালাপতি বিজয়ের ভক্ত। তাঁর সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া এবং তাঁকে সফল মুখ্যমন্ত্রী হিসেবে দেখা—পুরো যাত্রাটিই রাশমিকার কাছে অবিশ্বাস্য ও অনুপ্রেরণাদায়ী।
অন্যদিকে বিজয় দেবেরাকোন্ডা জানিয়েছেন, ব্যস্ত দিনের শেষে থালাপতি বিজয় তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন এবং জীবন ও কাজ নিয়ে মূল্যবান অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। অভিনেতার আন্তরিক আচরণে মুগ্ধ হয়েছেন বলেও নিজের পোস্টে উল্লেখ করেছেন তিনি।
‘রণবাগী’র মুক্তির আগে এই সাক্ষাৎ সিনেমাটি ঘিরে আগ্রহ আরও বাড়িয়েছে। পর্দার দুই তারকা ও রাজনৈতিক ব্যক্তিত্ব থালাপতি বিজয়ের একসঙ্গে উপস্থিতি ভক্তদের জন্যও হয়ে উঠেছে বিশেষ মুহূর্ত।