টিফ ঘিরে টরন্টোর রেস্তোরাঁয় তারকাদের জমজমাট আড্ডা

Pinky Saha Pinky Saha ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১:১২ PM BST ২৬ বার পঠিত
টিফ ঘিরে টরন্টোর রেস্তোরাঁয় তারকাদের জমজমাট আড্ডা

ছবি: সংগৃহীত

টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (টিফ) পর্দা উঠতেই তারকাদের আনাগোনায় বদলে গেছে শহরের চেনা চিত্র। সিনেমার প্রদর্শনী, লালগালিচা ও সংবাদ সম্মেলনের পাশাপাশি উৎসব ঘিরে জমে উঠেছে পার্টি ও আড্ডা। হলিউডসহ আন্তর্জাতিক অঙ্গনের তারকারা সময় কাটাচ্ছেন টরন্টোর বিভিন্ন রেস্তোরাঁ, হোটেল ও অভিজাত আয়োজনে।

উৎসবের প্রায় অর্ধেক সময় পেরিয়ে যাওয়ার মধ্যেই শহরের বেশ কয়েকটি জনপ্রিয় রেস্তোরাঁ ও হোটেল তারকাদের আড্ডার অন্যতম জায়গা হয়ে উঠেছে। টরন্টোভিত্তিক সংবাদমাধ্যম ব্লগটিও এসব স্থানে তারকাদের উপস্থিতির কথা জানিয়েছে।

কিং ওয়েস্ট এলাকার জনপ্রিয় ভিনাইল বার ভিনি এবারও টিফের তারকাদের অন্যতম আড্ডাস্থল। সেখানে দেখা গেছে ‘ফ্রেন্ডস’খ্যাত কোর্টনি কক্স, তাঁর মেয়ে কোকো আরকুয়েট, অভিনেত্রী প্যাট্রিশিয়া আরকুয়েট, ‘স্ট্রেঞ্জার থিংস’খ্যাত ডেভিড হারবার এবং লিয়াম নিসনকে। টিফ চলাকালে বিভিন্ন সিনেমার পার্টি আয়োজনের জন্য জায়গাটি বেশ পরিচিত।

একই এলাকার ইতালিয়ান রেস্তোরাঁ ক্যাসিয়াসেও এবার তারকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সেখানে ক্যামপারির সিনেমা সেন্টারের আয়োজন থাকায় তারকাদের আনাগোনা বেড়েছে। এরই মধ্যে রেস্তোরাঁটিতে দেখা গেছে ক্যালেব হেরন, জুয়ি ডেসানেল, জেমস ম্যাকঅ্যাভয়, লিলি-রোজ ডেপ, রেবেল উইলসন, মিশেল ইয়ো ও কোল স্প্রাউসকে।

কিং ওয়েস্টের আরেক জনপ্রিয় ইতালিয়ান রেস্তোরাঁ প্রিমাডোনাতেও হয়েছে একাধিক সিনেমার আফটার পার্টি। ‘এভরিবডি ওয়ান্টস টু ফাক মি’ সিনেমার আয়োজনে সেখানে উপস্থিত ছিলেন ‘কিংসম্যান’খ্যাত ট্যারন এগারটন। একই রেস্তোরাঁয় ‘দ্য হাউসওয়াইফ’ সিনেমার আয়োজনেও দেখা গেছে নাওমি ওয়াটস, মাইকেল ইমপেরিওলি, টাই শেরিডান ও লুক ইভান্সকে।

তারকাদের পছন্দের তালিকায় রয়েছে টরন্টোর থাই রেস্তোরাঁ পাইও। সেখানে খেতে গিয়েছিলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ তারকা চার্লি হিটন। দক্ষিণ কোরীয় বংশোদ্ভূত মার্কিন অভিনেতা সাং কাংকেও দেখা গেছে রেস্তোরাঁটিতে।

শুধু রেস্তোরাঁ নয়, তারকাদের উপস্থিতিতে ব্যস্ত বিষা হোটেলও। ডেডলাইনের পোর্ট্রেট স্টুডিও সেখানে বসায় উৎসব চলাকালে নিয়মিত তারকাদের দেখা যাচ্ছে। এরই মধ্যে সেখানে হাজির হয়েছেন সিনথিয়া এরিভো, জেনিফার কুলিজ, লিলি-রোজ ডেপ ও জন হ্যাম।

এবার টিফের আয়োজনে যুক্ত হয়েছে আরও পরিচিত একটি নাম—কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। রাজনীতি থেকে চলচ্চিত্র প্রযোজনায় যুক্ত হওয়া ট্রুডোকেও উৎসবের ব্যস্ততার ফাঁকে শহরের বিভিন্ন জায়গায় সময় কাটাতে দেখা গেছে। তাঁর পছন্দের জায়গাগুলোর মধ্যে ছিল কিং ওয়েস্টের জাপানি রেস্তোরাঁ হ্যালো নোরি।

তবে টরন্টোর কিইন রেস্তোরাঁয় ঘটেছে কিছুটা ভিন্ন ঘটনা। আসন্ন ‘এয়ারবাড’ টিভি সিরিজের নির্মাতারা সেখানে খেতে গিয়ে সঙ্গে নিয়ে এসেছিলেন সিরিজটির বিশেষ ‘তারকা’—একটি কুকুরকে। রেস্তোরাঁটির সহ-মালিক জেফ রেগুলারের সঙ্গে সেই চারপেয়ে অতিথির সাক্ষাতের ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সব মিলিয়ে টরন্টো চলচ্চিত্র উৎসব শুধু সিনেমা প্রদর্শনীর মধ্যেই সীমাবদ্ধ নেই। উৎসবকে ঘিরে শহরের রেস্তোরাঁ, হোটেল ও বিভিন্ন আয়োজনও এখন পরিণত হয়েছে আন্তর্জাতিক তারকাদের অনানুষ্ঠানিক মিলনমেলায়।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: