ছবি: সংগৃহীত
ইতালির ভেনিসে শেষ হয়েছে ৮৩তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আসরের সর্বোচ্চ পুরস্কার ‘গোল্ডেন লায়ন’ পেয়েছে ডেনিশ নির্মাতা মে এল-তুখির ‘ওম্যান আননোন’। একই ছবির অভিনেত্রী ম্যাথিল্ড আরসেল জিতেছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। অন্যদিকে মার্টিন ম্যাকডোনা পরিচালিত ‘ওয়াইল্ড হর্স নাইন’-এ অভিনয়ের জন্য সেরা অভিনেতার স্বীকৃতি পেয়েছেন হলিউড তারকা জন মালকোভিচ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে নির্মিত ‘ওম্যান আননোন’-এ ম্যাথিল্ড আরসেল অভিনয় করেছেন মারি চরিত্রে। এক ধনী ও বয়সে বড় পুরুষের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতে গিয়ে তার সঙ্গে সম্পর্ক তৈরি হয় মারির। কিন্তু অতীতের একটি গোপন সত্য নতুন জীবনকে সংকটে ফেলে দেয়। যুদ্ধ-পরবর্তী ডেনমার্কের সমাজ, শ্রেণিবৈষম্য, নারীর অবস্থান ও অতীতের প্রভাবকে গল্পে তুলে ধরেছেন নির্মাতা।
ম্যাথিল্ড আরসেলের জন্য পুরস্কারটি বিশেষ তাৎপর্যের। কারণ, এটি তাঁর প্রথম প্রধান চরিত্রে অভিনীত চলচ্চিত্র। ভেনিসে আসার আগে কোনো বড় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও তিনি অংশ নেননি। পুরস্কার পাওয়ার পর নিজের অভিজ্ঞতাকে অত্যন্ত সম্মানের বলে উল্লেখ করেন অভিনেত্রী।
‘ওম্যান আননোন’-এর নির্মাতা মে এল-তুখির জন্যও এই অর্জন ছিল দীর্ঘ পরিশ্রমের ফল। ছবিটি নির্মাণে এক বছরের বেশি সময় ধরে প্রতিদিন দীর্ঘ সময় কাজ করার পাশাপাশি নিজের সঞ্চয়ের অর্থও ব্যয় করেছেন তিনি।
এবারের উৎসবে রাজনৈতিক ও মানবিক বাস্তবতা নিয়ে নির্মিত চলচ্চিত্রও ছিল আলোচনার কেন্দ্রে। ইসরায়েলি নির্মাতা ইউভাল আব্রাহাম ও র্যাচেল সোরের তথ্যচিত্র ‘নাজা’ পেয়েছে বিশেষ জুরি পুরস্কার। গাজা সংঘাতকে কেন্দ্র করে নির্মিত ছবিটিতে ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের সাক্ষ্য তুলে ধরা হয়েছে। প্রদর্শনী শেষে দর্শকদের প্রায় ২৫ মিনিট দাঁড়িয়ে অভিবাদন ছবিটিকে উৎসবের অন্যতম আলোচিত ঘটনায় পরিণত করে।
অন্যদিকে ৭২ বছর বয়সী জন মালকোভিচ ‘ওয়াইল্ড হর্স নাইন’-এ একজন প্রবীণ সিআইএ এজেন্টের চরিত্রে অভিনয় করেছেন। ষাটের দশকের চিলির পটভূমিতে নির্মিত ছবিটিতে তাঁর সহশিল্পী স্যাম রকওয়েল। ভেনিসে ছবিটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পায়। তবে পুরস্কার গ্রহণের সময় মালকোভিচ উপস্থিত ছিলেন না; কানাডার মন্ট্রিয়লে অন্য একটি ছবির শুটিংয়ে থাকায় ভিডিও বার্তার মাধ্যমে জুরি, পরিচালক মার্টিন ম্যাকডোনা ও সহশিল্পী স্যাম রকওয়েলকে ধন্যবাদ জানান তিনি।
মূল প্রতিযোগিতা বিভাগে গ্র্যান্ড জুরি পুরস্কার পেয়েছে দক্ষিণ কোরিয়ার নির্মাতা লি চ্যাং-দংয়ের ‘পসিবল লাভ’। ‘দাও’ ছবির জন্য সেরা পরিচালকের সিলভার লায়ন পেয়েছেন ইলিয়া ক্রঝানভস্কি। ‘আ গুড লিটল সোলজার’-এর জন্য সেরা চিত্রনাট্যের পুরস্কার পেয়েছেন স্টেফান ব্রিজে, কোরালি আমেদেও ও অলিভিয়ের গর্স।
তরুণ অভিনয়শিল্পীর জন্য মারচেলো মাস্ত্রোইয়ান্নি পুরস্কার পেয়েছেন ‘আ প্লেস টু হিল’-এর মালু খেবিজি। প্রথম ছবি নির্মাতার জন্য লুইজি দে লরেন্তিস পুরস্কার গেছে অগুস্ত বার্নার কুয়েমো ইয়াংহুর ‘হাউস অব দ্য উইন্ড’-এর ঝুলিতে। দর্শকদের ভোটে আরমানি বিউটি অডিয়েন্স অ্যাওয়ার্ড পেয়েছে আলিনা শেরবানের ‘আই ম্যাটার’।
এবারের ভেনিস উৎসবে আজীবন সম্মাননা পেয়েছেন হলিউড তারকা জর্জ ক্লুনি ও এলেন বার্স্টিন। ২ সেপ্টেম্বর শুরু হওয়া উৎসবটি পুরস্কার প্রদানের মধ্য দিয়ে শেষ হলো।