‘যার কাছ থেকে সবচেয়ে বেশি শ্রদ্ধা পাওয়ার কথা ছিল, সেখানেই অপমানিত হয়েছি’: পরীমণি

Pinky Saha Pinky Saha ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫৯ PM BST ২৪ বার পঠিত
‘যার কাছ থেকে সবচেয়ে বেশি শ্রদ্ধা পাওয়ার কথা ছিল, সেখানেই অপমানিত হয়েছি’: পরীমণি

Photo Collected

জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে দেওয়া সাক্ষাৎকারে নিজের অতীত সম্পর্ক, বিচ্ছেদ ও সাবেক স্বামী শরীফুল রাজকে নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী পরীমণি।

বিচ্ছেদ প্রসঙ্গে পরীমণি জানান, রাজকে বিয়ে করা কিংবা জীবনের অন্য কোনো সিদ্ধান্তকেই তিনি ভুল হিসেবে দেখেন না। তাঁর কাছে জীবনের প্রতিটি ঘটনা একেকটি অভিজ্ঞতা, যা থেকে তিনি কিছু না কিছু শিখেছেন।

অভিনেত্রী বলেন, অতীতে অন্য প্রাক্তনদের সঙ্গে সম্পর্ক ভাঙার সময়ও অসৌজন্যমূলক পরিস্থিতি তৈরি হয়নি। আত্মসম্মানে আঘাত লাগার মতো কোনো ঘটনাও ঘটেনি বলে জানান তিনি। বরং পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখেই সেসব সম্পর্কের ইতি ঘটেছিল।

পরীমণির ভাষ্য, এমনভাবে বিচ্ছেদ হয়েছিল যাতে ভবিষ্যতে কোথাও দেখা হলেও একে অপরের মুখোমুখি হতে অস্বস্তি না হয়। তবে শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের অভিজ্ঞতা ছিল সম্পূর্ণ ভিন্ন।

আক্ষেপের সুরে অভিনেত্রী জানান, যার কাছ থেকে জীবনে সবচেয়ে বেশি শ্রদ্ধা পাওয়ার কথা ছিল, সেই প্রাক্তন স্বামীর কাছ থেকেই তিনি সবচেয়ে বেশি অপমানিত হয়েছেন। তাঁর মতে, সম্পর্কটির সমাপ্তি আরও সুন্দর ও সম্মানজনকভাবে হতে পারত।

২০২১ সালে শরীফুল রাজের সঙ্গে বিয়ে হয় পরীমণির। ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে তাঁদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর ছেলে শাহীম মোহাম্মদ পুণ্যকে একাই লালন-পালন করছেন অভিনেত্রী। পরবর্তীতে সাফিরা সুলতানা প্রিয়ম নামে একটি কন্যাশিশুকে দত্তক নেন তিনি।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: