ছবি: সংগৃহীত
ব্রিটিশ অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা ও ‘ডক্টর হু’খ্যাত তারকা নোয়েল ক্লার্কের বিরুদ্ধে যৌন নিপীড়ন, জনসমক্ষে অশালীন আচরণসহ একাধিক যৌন অপরাধের অভিযোগ আনার অনুমোদন দিয়েছে যুক্তরাজ্যের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (CPS)। গোয়েন্দারা এসব অভিযোগের পক্ষে প্রমাণের নথি জমা দেওয়ার পর বুধবার লন্ডনের মেট্রোপলিটন পুলিশকে এই অনুমোদন দেওয়া হয়।
ভ্যারাইটির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর ক্লার্ককে গ্রেপ্তার করা হয়েছিল। ২০২৫ সালের সেপ্টেম্বরের শেষ দিকে লন্ডনে তাঁর বাড়িতে তল্লাশি চালানোর সময় তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে সে সময় তাঁর গ্রেপ্তারের কারণ প্রকাশ করেনি পুলিশ এবং পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এর আগে ওই মাসের শুরুতে ক্লার্ককে ঘিরে তদন্ত শুরু করেছিল পুলিশের সেন্ট্রাল স্পেশালিস্ট ক্রাইম কমান্ড।
ক্লার্কের বিরুদ্ধে নতুন অভিযোগের বিষয়টি এমন এক সময় সামনে এলো, যখন ২০২৫ সালের আগস্টে ‘দ্য গার্ডিয়ান’-এর বিরুদ্ধে করা মানহানির মামলায় হেরে যান তিনি। ২০২১ সালে সংবাদপত্রটি ২০ জনের বেশি নারীর কাছ থেকে পাওয়া যৌন অসদাচরণের অভিযোগের ভিত্তিতে ক্লার্ককে নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছিল। ওই প্রতিবেদনের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন অভিনেতা।
ছয় সপ্তাহ ধরে চলা সেই বিচারে এক ডজনের বেশি নারী ক্লার্কের বিরুদ্ধে সাক্ষ্য দেন। তাঁরা প্রত্যেকে অভিনেতার কাছ থেকে ব্যক্তিগতভাবে অসদাচরণ ও যৌন হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ক্লার্ক। মামলায় তাঁকে ‘দ্য গার্ডিয়ান’-এর আইনি খরচ বাবদ ৩০ লাখ পাউন্ড দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এদিকে ক্লার্কের বিরুদ্ধে অভিযোগ আনার অনুমোদনের পর ‘গার্ডিয়ান নিউজ অ্যান্ড মিডিয়া’র প্রধান সম্পাদক ক্যাথরিন ভিনার বলেন, আদালতের রায় তাঁর আচরণের কারণে ক্ষতিগ্রস্ত নারীদের জন্য একটি প্রাপ্য বিজয়। তাঁর মতে, আদালতে গিয়ে সাক্ষ্য দেওয়া কঠিন ও মানসিকভাবে চাপের বিষয় হলেও ২০ জনের বেশি নারী উচ্চ আদালতে সাক্ষ্য দিতে রাজি হয়েছেন।
নোয়েল ক্লার্কের বিরুদ্ধে নতুন করে অভিযোগ আনার অনুমোদন পাওয়া গেলেও এসব অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি। মামলাটির পরবর্তী আইনি প্রক্রিয়ায় অভিযোগগুলোর বিষয়ে আদালতে সিদ্ধান্ত হবে।