১০ কোটি ভিউ ‘ব্রিজারটন ৪’-এর, জনপ্রিয়তার সঙ্গে বিতর্কও

Pinky Saha Pinky Saha ৮ অক্টোবর ২০২৬, ২:০০ PM BST ২৬ বার পঠিত
১০ কোটি ভিউ ‘ব্রিজারটন ৪’-এর, জনপ্রিয়তার সঙ্গে বিতর্কও

ছবি: সংগৃহীত

রাজকীয় বলরুম, ঝলমলে পোশাক, মুখোশের আড়ালে প্রেম আর সামাজিক শ্রেণিবিভাজনের গল্প—সব মিলিয়ে নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘ব্রিজারটন’ আবারও দর্শকদের আলোচনায়। ২০২০ সালে যাত্রা শুরুর পর থেকে বিশ্বজুড়ে জনপ্রিয়তা ধরে রাখা সিরিজটির চতুর্থ মৌসুম ২০২৬ সালের প্রথম ছয় মাসে দেখা হয়েছে ১০ কোটি বার। নেটফ্লিক্সের তথ্য অনুযায়ী, একই সময়ে পুরো ‘ব্রিজারটন’ ফ্র্যাঞ্চাইজি পেয়েছে ১৮ কোটি ভিউ। নতুন মৌসুম প্রকাশের পর আগের মৌসুমগুলোর দর্শকসংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

চতুর্থ মৌসুমের গল্পের কেন্দ্রে রয়েছে বেনেডিক্ট ব্রিজারটন ও সোফি বেকের প্রেম। পরিবারের স্বাধীনচেতা ও শিল্পমনস্ক ছেলে বেনেডিক্ট এক মুখোশধারী রহস্যময় নারীর প্রেমে পড়ে। ‘লেডি ইন সিলভার’ নামে পরিচিত সেই নারী আসলে সোফি, যিনি একসময় সম্ভ্রান্ত পরিবারের সন্তান হলেও সৎমায়ের নিষ্ঠুরতায় গৃহকর্মীর জীবন বেছে নিতে বাধ্য হয়েছেন। বেনেডিক্টের সঙ্গে সোফির সম্পর্ক এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সামনে আসে সামাজিক অবস্থান, পরিচয় ও মর্যাদার ব্যবধান।

অস্ট্রেলীয় অভিনেত্রী ইয়েরিন হা সোফি বেকের চরিত্রে এবং লুক থম্পসন বেনেডিক্ট ব্রিজারটনের ভূমিকায় অভিনয় করেছেন। জুলিয়া কুইনের ‘অ্যান অফার ফ্রম আ জেন্টলম্যান’ উপন্যাস অবলম্বনে তৈরি এই মৌসুমে পরিচিত রূপকথার ছাঁচের সঙ্গে যুক্ত হয়েছে শ্রেণিবৈষম্য, নারীর আত্মনির্ভরতা ও ব্যক্তিগত সিদ্ধান্তের প্রশ্ন। বিশেষ করে সোফির প্রতি আকর্ষণ থাকা সত্ত্বেও বেনেডিক্টের তাকে ‘মিস্ট্রেস’ হওয়ার প্রস্তাব দেওয়ার ঘটনা দর্শকদের মধ্যে বিতর্ক তৈরি করেছে।

প্রেমের গল্পের পাশাপাশি চোখধাঁধানো পোশাক, প্রাসাদ ও বলরুমের সাজসজ্জা, আধুনিক পপ গানের ক্লাসিক্যাল সংগীতায়োজন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ‘ব্রিজারটন’-এর জনপ্রিয়তা বাড়াতে ভূমিকা রেখেছে। সিরিজটির প্রভাব পর্দার বাইরেও ছড়িয়ে পড়েছে। বিভিন্ন দেশে আয়োজিত হয়েছে ‘ব্রিজারটন’–থিমের বল ও ভক্তদের অনুষ্ঠান, যেখানে অংশ নিয়েছেন হাজারো মানুষ।

তবে বিপুল দর্শকপ্রিয়তার পাশাপাশি চতুর্থ মৌসুম নিয়ে সমালোচনাও রয়েছে। মূল উপন্যাস থেকে গল্প ও চরিত্রের পরিবর্তন, বেনেডিক্ট-সোফির সম্পর্কের উপস্থাপন এবং জাতিগত ও যৌন পরিচয়ের বিষয়গুলো নিয়ে দর্শক ও সমালোচকদের মধ্যে মতভেদ তৈরি হয়েছে। ফলে ‘ব্রিজারটন ৪’ একদিকে যেমন রোমান্টিক গল্প ও জমকালো নির্মাণের জন্য দর্শকদের আকর্ষণ করছে, অন্যদিকে তেমনি গল্পের পরিবর্তন ও চরিত্রগুলোর সিদ্ধান্ত ঘিরে বিতর্কও জিইয়ে রেখেছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: