ব্রেকিং

১২ বছর পর পর্দায় দেব-শুভশ্রী, ফিরল পুরনো রোমান্স

Pinky Saha Pinky Saha ৭ সেপ্টেম্বর ২০২৬, ২:০১ PM BST ১৬ বার পঠিত
১২ বছর পর পর্দায় দেব-শুভশ্রী, ফিরল পুরনো রোমান্স

দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর ফের পর্দায় দেখা যাচ্ছে দেব-শুভশ্রী জুটির চেনা রোমান্টিক রসায়ন। ‘দেশু ৭’-এর প্রথম গান ‘তোর শুধু তোর’ প্রকাশের পরই পুরনো দিনের স্মৃতিতে ফিরেছেন অনুরাগীরা। লাদাখের পাহাড়ি সৌন্দর্যের মাঝে দেব ও শুভশ্রীর রোমান্টিক মুহূর্ত দর্শকদের মনে করিয়ে দিচ্ছে তাঁদের জনপ্রিয় সিনেমা ‘চ্যালেঞ্জ’ ও ‘পরাণ যায় জ্বলিয়া রে’-এর সময়কার সেই পরিচিত রসায়ন।

শুক্রবার সন্ধ্যায় দেব-শুভশ্রী তাঁদের আসন্ন সিনেমার প্রথম গান ‘তোর শুধু তোর’ প্রকাশের ঘোষণা দেন। এরপর যৌথ পোস্টে জানান, সোমবার সকালে অনুরাগীদের সঙ্গে নিয়ে তাঁরা ঘুরতে যাবেন। সোমবার সকাল ৯টায় লাদাখের মনোরম পাহাড়ি পরিবেশে গানটি প্রকাশের মধ্য দিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT রবি আজিয়াটা লিমিটেড

গান প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেব-শুভশ্রীর রোমান্টিক দৃশ্য নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। একসময় কলেজপ্রেম ও মাখোমাখো রোমান্সে দর্শকের মন জয় করা এই জুটি দীর্ঘ প্রায় ১২ বছর পর ফের একসঙ্গে পর্দায় ফিরছেন। বয়স ও সময়ের ব্যবধান পেরিয়ে তাঁদের রসায়নে পুরনো সেই আবেগই যেন নতুন করে ফিরে এসেছে।

ছবিটির আনুষ্ঠানিক প্রচারের সময় দেব নিজেও তাঁদের পরিবর্তন ও পরিণত হওয়ার বিষয়টি তুলে ধরেছেন। অভিনেতার মন্তব্য, শুভশ্রী আজ যে পরিমাণ পরিণত, সেই পরিণতিটা যদি তাঁদের আগের সময়ে থাকত, তাহলে হয়তো তাঁদের সম্পর্কের গল্প অন্য রকম হতে পারত।

এদিকে সিনেমার প্রচারের বাইরেও দেব-শুভশ্রীর সামাজিক যোগাযোগমাধ্যমের খুনসুটি অনুরাগীদের নজর কেড়েছে। পরিবারের সঙ্গে টাকিতে ঘুরতে যাওয়ার ছবি প্রকাশ করেছিলেন দেব। সেই পোস্টের মন্তব্যের ঘরে শুভশ্রী পুরনো ‘ইনোসেন্স’ প্রসঙ্গ টেনে মজার ছলে মন্তব্য করেন। জবাবে দেবও লেখেন এমন একটি কথা, যা ‘তোর শুধু তোর’ গানের কথার সঙ্গে মিলে যায়।

পর্দার রোমান্সের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের এমন মজার কথোপকথনও দর্শকদের পুরনো স্মৃতিকে আরও উসকে দিয়েছে। ‘দেশু ৭’-এর প্রথম গান প্রকাশের পর তাই দেব-শুভশ্রী জুটিকে ঘিরে অনুরাগীদের আগ্রহ নতুন করে বেড়েছে। দীর্ঘ বিরতির পর তাঁদের এই প্রত্যাবর্তন বাংলা সিনেমাপ্রেমীদের কাছে যে বিশেষ নস্ট্যালজিয়ার জন্ম দিয়েছে, সেটিই এখন আলোচনার অন্যতম বিষয়।

বিজ্ঞাপন / ADVERTISEMENT মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
শেয়ার করুন: