আইসিইউতে অভিনেতা ঈশ্বর ঠাকুর, চিকিৎসার খরচে শেষ পরিবারের সঞ্চয়

Pinky Saha Pinky Saha ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৪:১৩ PM BST ২৯ বার পঠিত
আইসিইউতে অভিনেতা ঈশ্বর ঠাকুর, চিকিৎসার খরচে শেষ পরিবারের সঞ্চয়

ছবি: সংগৃহীত

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ভারতীয় টেলিভিশন অভিনেতা ঈশ্বর ঠাকুর। কিডনিতে গুরুতর সংক্রমণ ছড়িয়ে পড়ায় তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। পরিবারের দাবি, গত কয়েক দিনে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়েছে এবং বর্তমানে তিনি সাড়া দিচ্ছেন না।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পরিবার সূত্রে জানা গেছে, ঈশ্বরের চিকিৎসার খরচ চালাতে গিয়ে ইতোমধ্যে তাঁদের সব সঞ্চয় শেষ হয়ে গেছে। সামনে চিকিৎসার ব্যয় কীভাবে বহন করবেন, তা নিয়ে উদ্বিগ্ন পরিবার। এ অবস্থায় জরুরি ভিত্তিতে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন অভিনেতার বোন জয়শ্রী।

পায়ের ক্ষত থেকে ছড়ায় সংক্রমণ

গতকাল ঈশ্বরের ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক বার্তায় জয়শ্রী জানান, তাঁর ভাইয়ের কিডনিতে গুরুতর সংক্রমণ হয়েছে। পায়ের একটি ক্ষত থেকেই সংক্রমণের সূত্রপাত। পরে ধীরে ধীরে তা সারা শরীরে ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি গুরুতর হওয়ায় চিকিৎসকেরা ঈশ্বরকে দ্রুত আইসিইউতে ভর্তি করেন। হাসপাতালের চিকিৎসা, ওষুধ, পরীক্ষা-নিরীক্ষাসহ বিভিন্ন ব্যয় সামলাতে গিয়ে পরিবারের আর্থিক সঞ্চয় শেষ হয়ে গেছে বলে জানান জয়শ্রী।

এক সাক্ষাৎকারে তিনি জানান, ২০২০ সালে ঈশ্বরের পায়ে ওই ক্ষত তৈরি হয়েছিল। করোনাভাইরাসের লকডাউনের প্রায় তিন মাস আগে তৈরি হওয়া ক্ষতটি তাঁর ডায়াবেটিস থাকায় সহজে শুকায়নি। পরবর্তী সময়ে সেই ক্ষত থেকেই সংক্রমণ ছড়িয়ে পড়ে।

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি

জয়শ্রীর ভাষ্য অনুযায়ী, দুই থেকে তিন দিন আগে ঈশ্বরের শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। এরপর থেকেই তিনি আর সাড়া দিচ্ছেন না বলে জানান তাঁর বোন।

চিকিৎসা চালিয়ে নিতে পরিবারের সামনে এখন বড় ধরনের আর্থিক সংকট তৈরি হয়েছে। তাই সামর্থ্য অনুযায়ী সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন জয়শ্রী।

জনপ্রিয় ধারাবাহিকে অভিনয়

টেলিভিশন নাটকে দীর্ঘদিন ধরে অভিনয় করছেন ঈশ্বর ঠাকুর। ‘এফআইআর’, ‘ভাভিজি ঘর পার হ্যায়!’, ‘মে আই কাম ইন ম্যাডাম?’ এবং ‘জিজাজি ছাত পার হ্যায়’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।

‘এফআইআর’ ধারাবাহিকে গোলু এবং ‘ভাভিজি ঘর পার হ্যায়!’-এ অনুরাগ চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পান এই অভিনেতা।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: