আলাস্কার এলএনজি প্রকল্পে ৪.৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে তাইওয়ান

Pinky Saha Pinky Saha ১৪ অক্টোবর ২০২৬, ১২:৫৭ PM BST ৪২ বার পঠিত
আলাস্কার এলএনজি প্রকল্পে ৪.৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে তাইওয়ান

Photo Collected

আলাস্কার প্রস্তাবিত এলএনজি প্রকল্পে বড় ধরনের বিনিয়োগের পথে এগোচ্ছে তাইওয়ান। দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি প্রতিষ্ঠান সিপিসি কর্পোরেশন দীর্ঘ দেড় বছর মূল্যায়নের পর প্রকল্পটিতে অংশ নেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে। চুক্তি অনুযায়ী, বছরে ২ কোটি মেট্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন প্রকল্পটি থেকে প্রতি বছর ৬০ লাখ টন এলএনজি সংগ্রহ করবে সিপিসি। এ প্রকল্পে সর্বোচ্চ ৪ দশমিক ৪ বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগ করতে পারে প্রতিষ্ঠানটি।

আলাস্কার প্রায় ৮০০ মাইল দীর্ঘ পাইপলাইন প্রকল্পটি বাস্তবায়নে আনুমানিক ৫৪ বিলিয়ন ডলার ব্যয় হতে পারে। প্রকল্পটির চূড়ান্ত সিদ্ধান্ত ২০২৬ ও ২০২৭ সালে নেওয়ার কথা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০৩১ সালের দিকে এখান থেকে প্রথম এলএনজি রপ্তানি শুরু হতে পারে।

যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন এশিয়ার মিত্র দেশগুলোর কাছে আলাস্কার এই প্রকল্পকে জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে তুলে ধরছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পানামা খাল বা আফ্রিকা মহাদেশ ঘুরে না গিয়ে সরাসরি এশিয়ার বাজারে যুক্তরাষ্ট্রের জ্বালানি সরবরাহের সুযোগ তৈরি হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে তাইওয়ানের বিপুল বাণিজ্য উদ্বৃত্ত কমানো এবং ওয়াশিংটনের অসন্তোষ প্রশমনের প্রচেষ্টার অংশ হিসেবেও জ্বালানি আমদানিতে পরিবর্তন আনছে তাইপে। চলতি বছর তাইওয়ান মোট আমদানি করা গ্যাসের প্রায় এক-তৃতীয়াংশ যুক্তরাষ্ট্র থেকে নেওয়ার পরিকল্পনা করেছে। এর আগে তাইওয়ানের প্রেসিডেন্টের কার্যালয়ের মহাসচিব প্যান মেন-আনও আলাস্কার প্রস্তাবিত প্রকল্প এলাকা পরিদর্শন করেছিলেন।

তবে প্রকল্পটির বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে সংশয় রয়েছে। দীর্ঘ পাইপলাইন নির্মাণ এবং বিপুল ব্যয়ের কারণে প্রকল্পটি কতটা লাভজনক হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাইওয়ানের পাশাপাশি ফরাসি জ্বালানি কোম্পানি টোটালএনার্জিসসহ এশিয়ার আরও কয়েকটি ক্রেতা প্রকল্পটিতে আগ্রহ দেখালেও এটি বাস্তবায়নে আরও দৃঢ় ও চূড়ান্ত চুক্তি প্রয়োজন বলে মনে করা হচ্ছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: