collected
ড. আসিফ নজরুলের পোষা ছাগল চুরির ঘটনা নিয়ে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি দাবি করেছেন, আসিফ নজরুলের দুটি ছাগলের মধ্যে একটি খাওয়া হলেও অন্যটি না খাওয়ায় তিনি সংশ্লিষ্টদের ধিক্কার জানাচ্ছেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আসিফ নজরুলের ছাগল একটা খাওয়া হয়েছে, দুইটাই খাওয়া উচিত ছিল। একটা না খাওয়াতে আমি তাদেরকে ধিক্কার জানাচ্ছি, তারা আরেকটি খায়নি কেন।’ একই বক্তব্যে তিনি আসিফ নজরুলকে ‘খুব ভালো মানুষ না’ বলেও মন্তব্য করেন।
এর আগে ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে নিজের মেয়ের পোষা ছাগল চুরির ঘটনা নিয়ে কথা বলেছিলেন আসিফ নজরুল। তিনি ঘটনাটিকে তাঁর জীবনের অন্যতম ‘হৃদয়বিদারক ঘটনা’ হিসেবে উল্লেখ করেন।
আসিফ নজরুলের ভাষ্য অনুযায়ী, হেয়ার রোডের সরকারি বাসায় একা থাকার কারণে তাঁর সাড়ে ৯ বছরের ছোট মেয়ের সঙ্গী হিসেবে ছাগলটি কিনে দেওয়া হয়েছিল। পরে ছাগলটির সঙ্গে শিশুটির গভীর সম্পর্ক তৈরি হয়। প্রতিদিন মেয়েটির স্কুল থেকে ফেরার অপেক্ষায় থাকত ছাগলটি এবং ফিরে এলে তার সঙ্গে খেলাধুলা করত।
তিনি জানান, মেয়েটি নিজের ফোনের ওয়ালপেপারেও মায়ের ছবির পরিবর্তে ছাগলটিকে জড়িয়ে ধরে থাকা ছবি ব্যবহার করত।
ছাগলটি চুরি হওয়ার পর তাঁর মেয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে বলেও জানান আসিফ নজরুল। তাঁর দাবি, মেয়েটি কাঁদতে কাঁদতে বমি করে এবং প্রায় দেড় দিন কিছু না খেয়ে অসুস্থ হয়ে পড়ে।
আসিফ নজরুল আরও বলেন, ছাগল চুরির ঘটনাটিকে রাজনৈতিক প্রতিশোধ হিসেবে প্রচার করা হলেও তাঁর ধারণা, মূলত মজা করার জন্যই ছাগলটি নিয়ে যাওয়া হয়েছিল। তবে একটি শিশুর পোষা প্রাণী চুরি করে খেয়ে ফেলার ঘটনাকে তিনি নির্মম ও অমানবিক হিসেবে উল্লেখ করেন।
এ ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীর মন্তব্য নতুন করে রাজনৈতিক ও সামাজিক আলোচনা তৈরি করেছে।