ব্রেকিং

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ

Sharmin Sultana Sharmin Sultana ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ PM BST ৩৪ বার পঠিত
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ

collected

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ–সংক্রান্ত প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে করা রিট আবেদন ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করেছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী মো. নুরনবী বুলবুল ও মোহাম্মদ ইউনুছ।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী জানান, রিট আবেদনটি যথাযথভাবে হয়নি উল্লেখ করে আবেদনকারী পক্ষ সেটি উপস্থাপন না করার কথা জানায়। এরপর আদালত রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।

যে প্রজ্ঞাপন নিয়ে রিট

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ গত বছরের ১২ মে একটি প্রজ্ঞাপন জারি করে। এতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়।

প্রজ্ঞাপনে আওয়ামী লীগ এবং এর সংশ্লিষ্ট সংগঠনগুলোর যেকোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ ও সম্মেলন আয়োজনসহ বিভিন্ন কর্মকাণ্ড নিষিদ্ধের কথা বলা হয়।

ওই প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে মো. আল আমিন নামের এক ব্যক্তি ১ সেপ্টেম্বর হাইকোর্টে রিট আবেদন করেন। রিটে আবেদনকারীর ঠিকানা মুন্সীগঞ্জের শ্রীনগর উল্লেখ করা হয়।

রিটের প্রার্থনায় ২০২৫ সালের ১২ মে জারি করা প্রজ্ঞাপনটি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—এ বিষয়ে রুল জারির আবেদন জানানো হয়েছিল। একই সঙ্গে রুল বিচারাধীন থাকা অবস্থায় প্রজ্ঞাপনটির কার্যক্রম স্থগিত রাখার আবেদনও করা হয়।

তবে আবেদনকারী পক্ষ রিটটি আদালতে উপস্থাপন না করার কথা জানালে হাইকোর্ট সেটি ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে দেন।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: